হয়তো, এ পৃথিবীর
কেউ নই আমি।
এ পৃথিবীর কেউ হলে
ঘনিষ্ঠ কিছু বন্ধু থাকতো আমার।
একুশ বা বাইশ বয়সী
সুন্দরী এক প্রেমিকা থাকতো আমার।
আমার বন্ধু নেই
প্রেমিকাও নেই।
বট গাছকে
বন্ধু ভেবে জড়িয়ে ধরি আমি।
আকাশকে প্রেমিকা ভেবে
মনের গোপন কথা বলি আমি।
অথচ একদিন
আমিও এ পৃথিবীর কেউ ছিলাম।
তখন বন্ধু ছিলো আমার।
মালবিকা নামের
ষোড়শী এক প্রেমিকাও ছিলো আমার।
ঠোঁটে আমার
কাটা দাগ ছিলো তখন।
মালবিকার দাঁত দিয়ে কাটা।
ঊহঃ কত কতবার যে
দাঁত দিয়ে কাটতো আমায়।
অথচ কখনো
অভিযোগ আমি করি নি।
সত্যি কথা বলতে কি
ওর দাঁতের কামড় খেতেই
নিত্যদিন
ওর কাছে যেতাম আমি।
সেদিনের কথা ভাবলে
অন্য একটা জনম মনে হয় আমার।
তখন আকাশ ছিলো সুন্দর
গোধূলি ছিলো স্বপ্ন
পৃথিবী ছিলো সবুজ
জীবন ছিলো মায়াবী।
কিন্তু আজ?
আগন্তুক। ভীষণই আগন্তুক।
এ পৃথিবীর কেউ নই আমি।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem