শুনেছি, সুখের সাথে
বড় মেলামেশা তোমার।
বলো না গো ওকে,
তোমার হাসির ঝুলিতে ভরে
একটু সুখ পাঠিয়ে দেবে।
না গো না
সুখ আমার চাই না।
আমার বরং দুঃখই ভালো।
তোমাকে একটু একটু ভাববো
আর ঈষৎ একটু কষ্ট পাবো।
চাওয়া আর না পাওয়ার দ্বন্দ্বে বরং
না পাওয়াই জিতুক।
যেমন জিতেছে সে
পুরুষ যৌবনের জন্মলগ্ন থেকে।
জানো?
দ্বন্দ্ব কথাটা মনে পড়লেই
তোমার সাথে
ভয়ঙ্কর লড়াই করতে ইচ্ছে হয়।
ভয়ঙ্কর লড়াই!
যেমন ধরো
হাতাহাতি মারামারি
চুলোচুলি কানাকানি
এমনকি খুনোখুনি।
খুনোখুনি মানে
সে অর্থে খুনোখুনি নয়।
তবে....
যেমন ধরো
তোমার প্রিয় আচারের ডাব্বাটা
আছড়ে ফেললাম আমি।
আমার প্রিয় কবিতার খাতাটা
পুড়িয়ে ফেললে তুমি।
বেশ হবে। তাই না?
নষ্টামির কষ্টে
আরও বেশি নষ্ট হবো আমি
নষ্ট হবে তুমি।
নষ্ট কষ্টেই বরং বেঁচে থাকুক
আমাদের চাওয়া না পাওয়ার
এই মিষ্টি মিষ্টি ব্যথা।
© অরুণ মাজী
Painting: R Johnson
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem