কেন এলে?
বলো, কেন এলে
এ বেদনা বিক্ষুব্ধ বুকে?
আকাশেই তো বেশ ছিলে!
অসংখ্য পরী মাঝে
অপ্সরা রাণী হয়ে।
কেন এলে এ চোখে?
এ বুকে?
এ স্বপ্নে?
এ একাকীত্বে।
এ আনন্দে বিষাদে?
চির সবুজ পাহাড়ের মতো বুক তোমার।
ঐ অমৃত সিঞ্চিত বুকের বাইরে
কিছুই দেখতে পাই না।
নাহঃ নদী আকাশ গ্রহ নক্ষত্র
কিছুই না।
যেন সব কিছু লুকিয়ে দিয়েছো তুমি।
আকাশ থেকে উড়ে এসে
জুড়ে বসলে বুকে
অনাহুত। আগন্তুক।
মৃত্যুর দূত।
অথচ কি যেন নাম তোমার?
নিবাস কোথায়?
থাক। বলতে তোমায় হবে না।
শুধু বলো
ওষ্ঠে এতো আগুন কেন তোমার?
ঐ আগুনে পুড়ার
এতো আকাঙ্খা কেন আমার?
বলো, স্বপ্নের মাঝে যে সবুজ স্বপ্ন
কার হাসি সেথায়?
কার নিক্কণ?
কার কাঁকন?
দেখো। চিরে দেখো এ বুক-
কাকে দেখো?
কাকে দেখো হেথায়?
মৃত্যুর দূত হয়ে
কেন এলে?
এতো যন্ত্রণা মাঝেও স্বপ্ন দেখাতে
কেন এলে?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem