গামছার খুঁট
আর তাতে বাঁধা চানাচুর মুড়ি-
এই তো জীবন।
তুমিই বল না পেন্তীর মা-
ইচ্ছে কি আমার করে না
মালবিকার বাবার পুকুরে
ডুব দিয়ে গলদা চিংড়ি ধরতে?
করে। আলবৎ করে।
হাজারবার করে।
কিন্তু ইচ্ছে করলেই কি হলো?
মালবিকার মা কি কখনো ডেকেছে আমাকে?
ডাকা তো দূরের কথা
আমাকে শুনিয়ে শুনিয়ে
ছাপোষা বাউন্ডুলে বারফটকা বলে
গালি দেন উনি।
দিচ্ছে দিক।
কিন্তু কত গালি আর দেবে?
আমারও দিন কি আসবে না?
সেদিন, মালবিকার মায়ের রান্নাঘরে বসে
দেখিয়ে দেখিয়ে
মন্ডা মিঠাই খাবো আমি।
তুমিই বলো না পেন্তীর মা
দিন কি আমার আসবে না?
এক ফালি জমি
আর তাতে
এক পৃথিবী স্বপ্নের চাষ আমার।
এ পৃথিবী একদিন সবুজ হবে।
মালবিকার মায়ের মতো দেমাকী মায়েরা
একটু মরমী হবে।
মালবিকার মতো নিষ্ঠুর মেয়েরা
একটু ভালোবাসতে শিখবে।
আর তারা
ছাপোষা বাউন্ডুলে প্রেমিকের
দুঃখ একটু বুঝবে।
কিন্তু যতক্ষণ তা না ঘটছে
ততক্ষণ
এই গামছার খুঁট
আর তাতে বাঁধা চানাচুর মুড়ি-
এই তো জীবন।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem