আজকাল তোমাকে দেখি না।
মানে দেখি
কিন্তু তেমন করে দেখি না।
কদমের পাশে দীঘি
দীঘির পাশে চাঁপা।
আচ্ছা, খোঁপায় তোমার
কি ফুল ওটা?
টগর?
জানো?
চাঁপা আর টগরের দূরত্ব
খুব বেশি নয়।
হাসলে তুমি?
বেশ করছো হেসেছো।
টোল ফেলা গালে
এমন দোল তুলা হাসি
দেখবো বলেই তো এই গল্প।
তাই না?
তোমার সাথে
কিছু কথা হওয়া দরকার।
মানে তেমন কিছু নয়
কেবল দুটো কথা।
কার সাথেই বা কথা বলবো আর?
কে আছে?
বলো, কে আছে আমার?
তুমিও যে আছো
তারই বা ঠিক কি?
ছুঁয়ে ছুঁয়ে দুটো কথা
কখনো বলেছো কি?
কথা এমনিও বলা যায়।
কিন্তু ছুঁয়ে ছুঁয়ে কথা
বেশ অন্যরকম।
রাতের ওপারে স্বপ্ন
স্বপ্নের ঘাটে ধাপ।
আর তার উপর বসে
এক অষ্টাদশী বালিকা।
বুকে হাত রেখে ছুঁয়েছি তাকে।
মানে সত্যিকারের ছোঁয়া নয়
স্বপ্নের ঘাটে।
একদিন হটাৎ দেখা!
স্বপ্নের ঘাটে।
হাতটা বুকে টেনে জিজ্ঞেস করলো সে
'বলো তো, কি আছে এখানে? '
আমি বললাম-
জানি না।
সে বললো
'সে কি গো
বুকের মধ্যে কি আছে
তা তুমি জানো না? '
তুমিই বলো
নারী বুকে কি আছে
তা কেমন করে জানবো আমি?
কখনো কি ছুঁতে দিয়েছো আমাকে?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem