হয়তো পারি নি আমি (Malobika) Poem by Arun Maji

হয়তো পারি নি আমি (Malobika)

হয়তো পারি নি আমি
বেশি বেশি ভালোবাসতে।
পারি নি
তার স্বপ্ন চোখের
মায়া হয়ে ভাসতে।
কিন্তু একটু ভালোবাসা তো
বেসেছি বটে।

হয়তো পারি নি আমি
কারও খোঁপায়
ফুল গুঁজে দিতে।
কারও কেশে
বেণী বেঁধে দিতে।
কিন্তু কারও জন্য
একলা দুপুরে
বাস স্টপে
অপেক্ষা তো করেছি বটে।

হয়তো তার
নাম জেনে অপেক্ষা করি নি।
কিন্তু কাজল চোখের কাজল নিয়ে
অপেক্ষা তো করেছি বটে।

হয়তো ফুটাতে পারি নি আমি
তার স্বপ্নের ফুল।
গড়তে পারি নি
সুখের নীড়।
কিন্তু বেদনার পায়ে
আলতা মেখে
নূপুর তো পরিয়েছি বটে।

হয়তো পারি নি আমি
কোন গোপন কবিতা লিখতে।
পারি নি
মিষ্টি কথা বলতে।
কিন্তু বুকে কথা নিয়ে
অনেক অনেক
অপেক্ষা তো করেছি বটে।
© অরুণ মাজী

হয়তো পারি নি আমি (Malobika)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success