চলো হেঁটে আসি স্মৃতির সমুদ্র পারে (Malobika) Poem by Arun Maji

চলো হেঁটে আসি স্মৃতির সমুদ্র পারে (Malobika)

চলো, হেঁটে আসি
স্মৃতির সমুদ্র পারে।

সেখানে বালুকাবেলার মত জেগে আছে কিছু কথা
কিছু ব্যথা
কিছু গান।

সেখানে
দুই হৃদয় হাত ধরাধরি করে
গেয়েছিলো এক গান।
মনে আছে?
সে গান মনে আছে তোমার?

সেখানে পরিত্যক্ত
ঝিনুকের খোলসের মত জেগে আছে
কিছু স্মৃতি
কিছু প্রতিশ্রুতি।
কে দিয়েছিলো
কি প্রতিশ্রুতি?
মনে আছে?
সে প্রতিশ্রুতি মনে আছে তোমার?

সেখানে কথার উজানে
ভেসেছিলো
দুই হৃদয়।
যৌবনের তরঙ্গে দুলতে দুলতে
ভুলেছিলো তারা
সবুজ পৃথিবী
আর তার সহস্র যন্ত্রণা।
কেন ভুলেছিলো?
কোন স্বপ্ন দেখে ভুলেছিলো তারা
মনে আছে তোমার?

সেখানে  
হেঁইয়ো রে হেঁইয়ো সুরে
গেয়েছিলো কিছু মাঝি।  
তাদের সোচ্চার শব্দসুরে
হেসেছিলো কারা
মনে আছে?
মনে আছে তোমার?

সেই সমুদ্র তীর
সেই জ্যোৎস্নালোকিত রাত্রি
কাঁদায় আমাকে।
ভাসায় আমাকে স্মৃতির
বিপুল তরঙ্গ স্রোতে।
কেন কাঁদায়
কেন ভাসায়
সে গল্প জানা আছে তোমার?
© অরুণ মাজী

চলো হেঁটে আসি স্মৃতির সমুদ্র পারে (Malobika)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success