যখন আঁধার নামে
জেগে উঠে স্মৃতি
নিশাচর নক্ষত্রের মতো।
স্বপ্নের এপারে আমি
ওপারে তুমি।
মাঝে গাঢ় এক নৈঃশব্দ।
শুনশান। চারিদিক শুনশান।
অথচ মধ্যে মধ্যে
কারও হাসি যেন
জোনাকির মতো জ্বলে জ্বলে উঠে।
কার হাসি?
নাম কি তার?
তার সাথে কি সম্পর্ক আমার?
জানো?
জানো তুমি?
নাহঃ তোমার তা জানার কথা নয়।
জানতে যে চায় না
তার জানার কথা নয়।
যা কিছু দৃশ্যমান
তাই বড় অদৃশ্য
তাই বেশি অবহেলিত।
পৃথিবীর নিয়মই এমন
তোমাকে দোষ দেবো কেন?
তবুও বলি
এ দোষারোপের কথা নয় মালবিকা।
এ হলো দুই হৃদয়ের কথা
তাদের নীরব কথপোকথনের কথা।
হৃদয় যদি কথা বলতে চায়
তুমি বাধা দেবে কেন?
হৃদয়ের তুমি কে?
আমি কে?
হয়তো বা কেউ
হয়তো বা কেউ না।
রাত আর স্বপ্নের মাঝে যতটা দূরত্ব
ঠিক ততটাই দূরত্ব
তোমার আমার মধ্যে।
অথচ নিদ্রার বুকে যে দূরত্ব
অতিক্রম করতে পারি আমি
চেতনায় তা পারি না।
কেন পারি না?
বলো, কেন পারি না?
আমি কি পারি না
তোমাকে কেড়ে নিতে?
তোমার কাছ থেকে
তোমাকে কেড়ে নিতে?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem