দেখার মধ্যে জেগে উঠে
সহস্র অদেখা।
যেমন জেগে উঠে নির্জন সবুজ দ্বীপ
অদৃশ্য দিগন্ত ভেদ করে।
তোমার কাজল কালো চোখ
প্রশস্ত ললাট
তীক্ষ্ণ চিবুক
টোল ফেলা গাল-
এ সবকিছু ভেদ করে জেগে উঠে
এক নিস্তব্ধ নির্জন সন্ধ্যে।
আগত তরঙ্গে পা ডুবিয়ে
হাতে হাত রেখে
কাকে
কি বলেছিলে তুমি?
কার দিকে চেয়ে
খিলখিল করে হেসেছিলে তুমি?
তোমার সেই হাসি দেখে
কি বলেছিলো দুষ্টু তরঙ্গ?
জানার মধ্যে জেগে উঠে
সহস্র অজানা।
যেমন জেগে উঠে সবুজ সোনালী স্বপ্ন
ঘুমন্তের
মৃত সত্তা ভেদ করে।
কেন জেগে উঠে?
বলো, তোমার স্পর্শ ছুঁয়ে
কেন জেগে উঠে
এত এত হারানো অ-স্পর্শ?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem