প্রেম সংশয় মানুষ (Malobika) Poem by Arun Maji

প্রেম সংশয় মানুষ (Malobika)

তুমিই বলো
রসগোল্লার মত ছোট্ট পৃথিবী
অথচ তাতে আটশো কোটি মানুষের বাস।
তো পাহাড়ের মত বুক তোমার
তাতে আমার জায়গা হবে না?

হবে না?
অথবা তুমি চাও না?

অথচ চাইলেই চাইতে পারো তুমি।
চাওয়া কি এত কঠিন?
এই দেখো-
তোমাকে ছুঁয়ে
এখনই চেয়ে ফেললাম তোমাকে।

তো তুমিও পারো।
আমাকে ছুঁয়ে
এই মুহূর্তেই চাইতে পারো।

আসলে তুমি চাও না।
স্বপ্ন আর বাস্তবের মাঝখানে যতটা ব্যবধান
ততখানি সংশয় তোমার।

কিন্তু মালবিকা
সংশয় নিয়ে কতদিন বাঁচবে তুমি?
যতবড় সংশয়, ততবড় যন্ত্রণা।
বেশি বুদ্ধি ভালো নয়
যন্ত্রণা দেয় মানুষকে।

আপনভোলা মস্তিস্কহীন মানুষরা
পন্ডিত রাজার চেয়েও বেশি সুখী।
কেন জানো?
তাদের বেশি সংশয় নেই।

এই যে এত বড় বুক তোমার
কিন্তু খালি খালি।
কেন?

তার চেয়ে বরং
আমাকে ছুঁয়ে, চেয়ে ফেলো তুমি।

© অরুণ মাজী

প্রেম সংশয় মানুষ (Malobika)
Monday, April 18, 2022
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success