এখনো তোমাকে খুঁজছি মালবিকা (Malobika) Poem by Arun Maji

এখনো তোমাকে খুঁজছি মালবিকা (Malobika)

Rating: 5.0

সাড়ে বিয়াল্লিশ বছর হয়ে গেলো
আজও খুঁজছি তাকে।

আমার দু ক্লাস উঁচু
উন্নত গ্রীবার এক রাজহংসীকে দেখেছিলাম আমি।
না না, আমি পাগল হয়ে যাই নি।
বয়স তখন চৌদ্দ হলেও
রাজহংসী চিনতে
ভুল আমি করি নি।
ফ্যাল ফ্যাল করে দেখতাম তাকে।
ছোট্ট বালকের এই স্পর্ধা দেখে
কেমন যেন গম্ভীর হয়ে যেতো সে।

আজও আমি খুঁজছি তাকে।

খাল কাটতে
বহুদূর থেকে মজুর খাটতে আসা
কৃষ্ণকায়া
সাঁওতালি এক ঊর্বশীকে দেখেছিলাম আমি।
তন্ময় হয়ে দেখতে গিয়ে
সাইকেল থেকে
আছাড় খেয়ে পড়েছিলাম আমি।
অথচ সে?
দাঁত দিয়ে ঠোঁট কেটে
গোধূলির চেয়েও সুন্দর হাসি হেসেছিলো সে।

আজও আমি খুঁজছি তাকে।

কোন এক ঘটনা ভরা দুর্ঘটনার দিনে
কোন এক প্রস্ফুটিত পুষ্প
তার পাহাড় বুকের উষ্ণতা দিয়ে
গাঢ় করে ছুঁয়েছিলো আমাকে।
(নাহঃ যত অনুনয়ই তোমরা করো না কেন
এর চেয়ে বেশি বলবো না।)

আজও আমি খুঁজছি তাকে।

কোন এক উছলে পড়া নদীর সাথে
একান্তে
একটু কথা বলতে চেয়েছিলাম আমি।
অথচ সে নদী
পাত্তা আমাকে দেয় নি।
সেই অপমানেও ভুলি না তাকে।

আজও আমি খুঁজছি তাকে।

আজও কোথায় যেন দেখেছি তাকে।
নৈঃশব্দের আড়ালে সে
কি যেন বলছিলো আমাকে।
আমিও কি নীরবতার বাঙময় ভাষায়
কিছু কি বলেছি তাকে?

খুঁজছি।
এখনো তোমাকে খুঁজছি মালবিকা।

© অরুণ মাজী
Painting: JWG

এখনো তোমাকে খুঁজছি মালবিকা (Malobika)
Monday, September 17, 2018
Topic(s) of this poem: love,seeking
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success