মনে আছে তোমার? (Malobika) Poem by Arun Maji

মনে আছে তোমার? (Malobika)

Rating: 5.0

কাগজের উপর
কিছু ছন্দবদ্ধ আঁকি বুঁকি জানান দেয়
এ বুকে একদিন বসন্ত ছিলো।
রক্তবর্ণ সেই কৃষ্ণচূড়া গাছটার
কি যেন নাম ছিলো?
মনে আছে? মনে আছে তোমার?

ফুরফুরে বাতাসের গায়ে
ম ম সুগন্ধের আল্পনা,
নীল আকাশের গায়ে
সোনালী গোধূলির চড়ুইভাতি,
কদম গাছের ডালে
কোকিল দলের মিটিং মিছিল বাদ্যি,
আর বাউন্ডুলে এক যুবকের হৃদয়ে
অস্ফুট নিঃশব্দ সংগীত।
সবুজ সেই সুরের গায়ে
কার যেন নাম আঁকা ছিলো?
মনে আছে? মনে আছে তোমার?

ঝাপসা চোখের উপর
স্বপ্নের ধ্বংসাবশেষ জানান দেয়
এ চোখে একদিন স্বপ্ন ছিলো।
রামধনু রঙের
নদীর ধারের সেই কুটিরটার
গৃহকত্রী কে যেন ছিলো?
মনে আছে? মনে আছে তোমার?

​স্মৃতির সরণীতে
হটাৎ হটাৎ হোঁচট ​জানান দেয়
এ কাঁধে কার যেন হাত রাখা ছিলো।
স্মৃতির গা বেয়ে বয়ে যাওয়া নদীটায়
কারা যেন নৌকা ভাসিয়েছিলো?
মনে আছে? মনে আছে তোমার?

আমার মনে নেই।
জানো? আমার কিচ্ছু মনে নেই।
কেবল আঙুলের ফাঁকে
ধোঁয়ার কুন্ডলী হয়ে
পুড়ছে সময়, পুড়ছে যৌবন।
হৃদয়ের ভাঙা বাঁশিতে
বাজছে
না বলা কিছু কথা, কিছু গান।

অবশ্য সেগুলো তেমন কিছু নয়।
অবহেলিত যৌবনের
কালো কালো দীর্ঘশ্বাস
তেমন বেশি কিছু নয়।

© অরুণ মাজী
Painting: Amit Bhar

মনে আছে তোমার? (Malobika)
Monday, November 5, 2018
Topic(s) of this poem: love,passion,romance
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success