বেশি বেশি নয়
তোমাকে একটু একটু ভালোবাসি আমি।
পড়ার টেবিলে বসে
কল্পনার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যতটুকু
ততটুকু ভালোবাসি আমি।
একাকী রাতে
নিঃসঙ্গ যন্ত্রণা যতটুকু গাঢ়
ততটুকু ভালোবাসি আমি।
গোলাপ সুগন্ধ শুঁকে
যতটুকু শূন্যতা জাগে বুকে
ততটুকু ভালোবাসি আমি।
বেশি বেশি নয় গো
তোমাকে একটু একটু ভালোবাসি আমি।
পাশ বালিশের আলিঙ্গনে
যতটুকু বুকের ছোঁয়া ধরে
ততটুকু ভালোবাসি আমি।
বুকে আঁচড়হীনতার অবসাদে
যতটুকু বিষাদ ধরে
ততটুকু ভালোবাসি আমি।
আমার নিতম্বের আবেশে
যতটুকু তুমিহীনতা ধরে
ততটুকু ভালোবাসি আমি।
বেশি বেশি নয় হে সদ্যস্নাত প্রস্ফুটিত গোলাপ
তোমাকে একটু একটু ভালোবাসি আমি।
জীবন মৃত্যুর মাঝে
যতটুকু ইচ্ছে ধরে
ততটুকু ভালোবাসি আমি।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem