নারী স্বপ্ন মরীচিকা (Malobika) Poem by Arun Maji

নারী স্বপ্ন মরীচিকা (Malobika)

Rating: 5.0

এক পৃথিবী ভালোবাসা চোখে
তবুও জ্বলছে বুকে
ঘৃণার বিনিদ্র চিতা।

কে বলেছে অসুখ আমার?
তুমি কি একাই সুন্দর?
পৃথিবীর কত সুন্দরী মেয়ে এলো গেলো
আর তুমি কিনা....

থাক। আঁতে লাগবে তোমার।

আঙুলের ভাঁজে পুড়ছে আয়ু
অনিদ্রার ভাঁজে স্বপ্ন।
অপেক্ষার বাসরে ক্লান্ত প্রেম
প্রেমিক মরণে মগ্ন।

শোনো, চিঠিটা পেয়েছো?
তিনরাত জেগে লিখেছি চিঠিটা।
চিঠির মধ্যে গোলাপের পাপড়িটা কিন্তু
এক্কেবারে টাটকা।
সাত মাসের চেষ্টায় গড়েছি গাছটা।
অথচ তুমি কিনা।

থাক থাক।
বেশি বললে আবার ভাববে
বড্ড বেশি তেল লাগাচ্ছি তোমায়।

টিকটিক আর টিকটিক!
ওরে হারামজাদার বাচ্চা টিকটিকি
আর কত মিথ্যে স্বপ্ন দেখাবি আমায়?
মালবিকা কি একাই সুন্দর
আমি কি আর পারি না
তুড়ি মেরে আরো একটা মেয়ে পটাতে?

পারি। আলবৎ পারি। হাজারবার পারি।
চাইলেই পারি। এখুনি পারি।
মালবিকার নাকের ডগায়
মালবিকার চেয়ে হাজারগুণ সুন্দর
তুলতুলে একটা মেয়ে তুলতে পারি।
চাই না। এই যা!

কে? কে ওখানে?
ও তুমি?
জানো? তুমি কাছে দাঁড়ালেই
চাঁপার গন্ধ পাই আমি।
চাঁপার গন্ধ শুঁকে বলতে পারি আমি
এটা কেবল তুমি।

মালবিকা..
কোথায়? কোথায় তুমি?
এই যে চাঁপার গন্ধ পেলাম আমি...

তাহলে কি....


© অরুণ মাজী
Painting: Hemen M

নারী স্বপ্ন মরীচিকা (Malobika)
Tuesday, June 11, 2019
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success