কার কাছে মেলে ধরি
হৃদয়ের খোলা পাতা?
কার কাছে?
কার সময় আছে
সময়ে অসময়ে পড়ে
হৃদয়ের ছাইপাঁশ কিছু কথা?
ওহে চড়ুই
তোমার একটু সময় আছে?
আছে?
তবে শোনো-
এ বুকে একদিন পূর্ণিমা ছিলো।
ছিলো, ভরা চাঁদ।
ভরা জ্যোৎস্না।
ভরা নদী।
ভরা প্রেম।
ভরা স্বপ্ন।
সে সুদূর এক অতীতের কথা।
গাঁয়ে তখন
মালবিকা নামের
ষোড়শী এক বালিকা ছিলো।
চোখে তার মায়াবী এক আয়না ছিলো।
সে আয়নায়
যে কোন যুবকই
তার নিজেকে দেখতো।
আমিও দেখেছিলাম।
একদিন দুদিন নয়।
দিনের পর দিন
রাতের পর রাত
বছরের পর বছর।
ক্ষুদ্র সেই বালিকার চোখে নিজেকে দেখে
কতবার অবাক হয়েছি আমি।
ভাবিনি
বুকে আমার এতো প্রেম ছিলো
এতো স্বপ্ন ছিলো
এতো ত্যাগ ছিলো।
তারপর একদিন
হটাৎই যেন
কোথায় চলে গেলো সে।
সেই থেকে
নদীতে জোয়ার আসে
কিন্তু প্রাণে আসে না।
আকাশে পূর্ণিমা জাগে
হৃদয়ে জাগে না।
ঠোঁটে কথা ফুটে
কিন্তু গল্প জাগে না।
সবুজ পৃথিবীকে সঙ্গে করে
এসেছিলো সে।
সবুজ পৃথিবীকে সঙ্গে করে
নিয়ে গেলো সে।
ওহে চড়ুই
তুমি কি জানো
কেন আজ পৃথিবীহীন আমি?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem