কতটাই বা ভালোবাসি তোমায়?
ভুলতে চাইলেই ভুলতে পারি।
আজই পারি। এখুনি পারি।
কিন্তু ভুলেই বা কি লাভ বলো?
ভুললেই তো আবার
বুকটা একটু দুরু দুরু
মনটা একটু ফঙ ফঙ
হৃদয়টা একটু শূন্য শূন্য।
তার চেয়ে বরং না ভুলাই ভালো।
তাই না? তুমি কি বলো?
অবশ্য মাঝে মাঝে একটু ভুলাই ভালো।
ভুলতে না পারলেও
অন্তত, ভুলার একটু অভিনয় করা ভালো।
কেউ কি দিব্যি দিয়েছে
যে মনে তাকে রাখতেই হবে?
তবুও মনে রাখি।
ইচ্ছে করেই রাখি।
না রাখলেও পারি
তবুও ইচ্ছে করেই রাখি।
নারী প্রেমের জন্য
একটু যন্ত্রণাই যদি না পাবো
তো এই সুদীর্ঘ যৌবনে
কোন তপস্যা করবো?
নাহঃ তপস্যা আমার জন্য নয়।
মৃন্ময়ী পৃথিবীর
উদ্ভিন্ন যৌবনা নারী থাকতে
স্বর্গ লিপ্সা আমার জন্য নয়
মোক্ষ অভিলাষও আমার জন্য নয়।
তাই ইচ্ছে করেই
তোমাকে মনে করবো
ইচ্ছে করেই
রাতদিন আমি যন্ত্রণা পাবো।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem