বিস্মৃতির সিঁড়ি ভেঙে ফিরে এলে তুমি।
কেন এলে?
কাকে মনে করে?
আমাকে?
সাত বছরে
সাত সমুদ্র শুকিয়ে যায়
হৃদয় শুকোবে না?
ছুঁয়ে দেখো।
বুকে হাত ছুঁয়ে দেখো-
কি অনুভব করছো?
ক্যাকটাসের কাঁটা?
অথচ একদা এখানে
হৃদয় নামের এক বৈতরিনী ছিলো।
এখানে মালবিকা নামের
সুন্দর সুন্দর গোলাপ জুঁই ফুটতো।
অথচ আজ?
হুঁকোর মধ্যে বারুদ ভরে
নারীর স্বপ্ন গর্ভে
বিষাক্ত ধোঁয়া ছড়ায় যারা
আমিও তাদের একজন।
অভুক্ত শিশুর ছেঁড়া রুটি কেড়ে
পাঁচতারা হোটেলে
মদ আর নারী মাংস সহ
রাতদিন উল্লাস করে যারা
আমিও তাদের একজন।
নারী ওষ্ঠের অমৃত ছাড়া
মানুষ মানুষ থাকে কি?
নারী আঙুলের আঁচড় ছাড়া
কখনো কোন হৃদয় বাঁচে কি?
স্বপ্নের মধ্যে
আজ এতো হুল্লোড় কেন?
কিসের মহোৎসব ওখানে?
কে ফিরে এসেছে?
মালবিকা?
সত্যি বলছো হে ঈশ্বর?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem