বারে বারে চুপিসারে ডেকে যায় আকাশ।
"আমার অনন্ত বক্ষ ছেড়ে
গৃহকোণে বন্দী কেন বাছা? "
"জানো আকাশ
মালবিকা কথা দিয়েছে আমায়।
গোলাপের নির্যাস ভরে
সুন্দর করে
একদিন চিঠি লিখবে আমায়।
ইচ্ছে তো হয়
হারিয়েই যাই। অনন্ত বক্ষে তোমার
এখনই হারিয়ে যাই।
কিন্তু মালবিকার চিঠি না আসা পর্য্যন্ত...."
অভিমানে ডুকরে উঠে বুকটা।
অপেক্ষার প্রহর গুনতে গুনতে
তিনটে বছর হয়ে গেলো।
অথচ এখনও তার চিঠি নাই।
আর কত প্রহর গুনবো হে মালবিকা
আর কত প্রহর গুনবো?
বারে বারে চুপিসারে ডেকে যায় আকাশ।
ফিসফিস করে হেঁকে যায় অরণ্য।
গুনগুন করে মন্ত্রণা দিয়ে যায় নদী।
আমার যে ত্বর সয় না মালবিকা
আমার যে ত্বর সয় না আর।
গৈরিক বসন তৈরী আমার।
ঘট পূর্ণ বেলপাতা গঙ্গাজলে।
এখন কেবল
তোমার চিঠির অপেক্ষা মাত্র।
গোলাপের নির্যাস দিয়ে লেখা
তোমার চিঠিতে
একটা, কেবল একটা চুমু দিয়েই
অনন্ত মহাবিশ্বে হারিয়ে যাবো আমি।
কিন্তু তোমার চিঠি না আসা পর্য্যন্ত
অমৃতের সাধনা
আমি করি কি করে?
© অরুণ মাজী
Painting: Richard Johnson
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem