মরণশীল জীবন
ভঙ্গুর স্বপ্ন
ক্ষয়িষ্ণু আশা
আর প্রবঞ্চক প্রেম,
ইত্যাদি নিয়ে
মানুষের অহরহ যে আড়ম্বর
তার নাম বেঁচে থাকা।
ভঙ্গুর ভঙ্গুর আর ভঙ্গুর।
মানুষের জীবন
যন্ত্রণাদায়কভাবে ভঙ্গুর,
নিশ্চিৎভাবে ভঙ্গুর,
চিরস্থায়ীভাবে ভঙ্গুর।
বুকে আঁকা দগদগে ঘা
মুখে আঁকা বিনিদ্র রাতের যন্ত্রণাকাতর ছায়া
হাসিতে আঁকা আপাত অদৃশ্য আর্তনাদ
তবুও আমাদের
ঢঙ করে
রঙ মেখে সঙ সেজে শুভ্র হাসি চাই।
কিভাবে?
মুখোশ পরো হে মানুষ, মুখোশ পরো।
জানো না, মুখোশ না পরলে
এ পৃথিবী তোমায়
কবর আঁধারে পরিত্যাগ করবে?
"কে শিখিয়েছে আমাকে? "
তা কি করে বলবো?
"কোথায় পড়েছো? "
কে জানে!
সবাই জানে
তাই আমিও জানি।
অথচ মুখোশ কেবল মুখোশ হয়।
তাই না?
মুখোশ একদিন খুলে পড়বেই।
পড়বেই।
আর মুখোশ যেদিন খুলে পড়ে
সেদিন কুৎসিত ক্ষতগুলো
আমাদেরকে ভয়ানক বিদ্রুপ করে।
কাঁদি।
আমরা তখন লুকিয়ে কাঁদি।
ফুঁপিয়ে কাঁদি। গলা ছেড়ে কাঁদি।
মিথ্যে গর্বের রঙে রাঙানো স্বপ্ন আকাশ
হটাৎই মেঘে ছেয়ে যায়।
হে উন্মাদ প্রিয় মূর্খ মানব,
কি ভয়ানক অন্ধ অচেতন তুমি!
কি সাংঘাতিক হাস্যকর তুমি!
যা ঘটে না
তা তুমি ঘটাতে চাও।
মহাবিশ্বের নিয়মকে তুমি বদলে দিতে চাও!
দুঃখ যন্ত্রণা আর বেদনা বুকে যদি
জন্ম পালন আর মৃত্যু তোমার
তা কি তুমি লুকাতে পারো?
সবারই বুকে যদি
একই রকম কুৎসিত দগদগে ঘা
তো ঢঙ করে তোমার সঙ সাজার দরকার কি?
আমরা সবাই যদি একই রকম যন্ত্রণাকাতর
তো যন্ত্রণা লুকানোর দরকার কি?
© অরুণ মাজী
Painting: JWG
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem