নীলকণ্ঠ আমি (Neel Kontho Ami) Poem by Arun Maji

নীলকণ্ঠ আমি (Neel Kontho Ami)

Rating: 5.0

হে ঈশ্বর
সুখ দিও না আমায়
আমাকে দুঃখ দাও।
ধূসর ধূসর দুঃখ। নীল নীল দুঃখ।

তোমার করুণার স্পর্শে সিক্ত
আদ্র দুঃখ।
তোমার পরীক্ষার কাঠিন্যে ভরা
রুক্ষ দুঃখ।
তোমার কল্পনার রঙে আঁকা
রঙিন দুঃখ।

আমাকে পথ দাও। আশ্রয় নয়।
কাঁটা দাও। ফুল নয়।
অবজ্ঞা দাও। দাক্ষিণ্য নয়।
ঝঞ্ঝা দাও। প্রশান্ত সমীরণ নয়।
কালো মেঘ দাও। সোনালী রোদ্দুর নয়।

দুঃখের সাগরে শয্যা আমার
শিশিরে ডরি না আমি।
যন্ত্রণার পাহাড়ে নৃত্য আমার
কাঁকরে ডরি না আমি।

দুঃখের নীল সাগর পান করে
নীলকণ্ঠ
মানব মহেশ্বর আমি।
আমাকে তুমি দুঃখ দাও।
গাঢ় ঘন দুঃখ। অসীম অজেয় দুঃখ।

বুকে, বজ্রের আঘাত দাও তুমি।
চোখে, অমাবস্যার বিভীষিকা দাও তুমি।
হৃদয়ে, চৌচির ধরিত্রীর হাহাকার দাও তুমি।

ওহে ঈশ্বর
আরও বড় নীলকণ্ঠ হবো বলে
বড় উৎকণ্ঠা আমার।
পায়ে পড়ি তোমার হে করুণাময়-
কৃপা করে আমায়
গাঢ় ঘন দুঃখ দাও।

© অরুণ মাজী

নীলকণ্ঠ আমি (Neel Kontho Ami)
Wednesday, April 18, 2018
Topic(s) of this poem: courage,grief,inspiration,light,pain,poem,risen
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success