উঠে সূর্য উঠে চন্দ্র
আদি অনন্ত কাল হতে।
আসে রাজা আসে সম্রাট
পূর্ব পশ্চিম
উত্তর দক্ষিণ থেকে।
আজও উঠে সূর্য আজও অস্ত যায়।
উদ্যত তরবারি নিয়ে
আজও রাজা হেঁকে হেঁকে যায়-
"আমি রাজা। কালজয়ী রাজা।
ইতিহাসে আমার ঠাঁই। "
অথচ অসহায় ইতিহাস
নর্দমার জলে ডুবতে ডুবতে
ছোট্ট এক শিশুর কাছে
প্রাণ ভিক্ষা চেয়ে বলে-
"ঠাঁই নাই?আমার কি ঠাঁই নাই? "
দুষ্টু ছেলে মিষ্টি হাসি হেসে বলে
দেখো মা দেখো, কি মজা!
নর্দমায় ভাসে আকবর রাজা,
নর্দমার দুর্গন্ধে ভরপূর
সম্রাট অশোকের আকাশচুম্বী বিজয়ধ্বজা!
নর্দমায় আবর্তিত সম্রাট আকবর
আর্তনাদ করতে পারে না।
অশোকের প্রেতাত্মা
মহাকালের কাছে নালিশ ঠুকে বলতে পারে না-
এতো নিষ্ঠুর কেন হে মহাকাল?
এতো নিষ্ঠুর কেন তুমি?
মৃতের যদি যন্ত্রণা থাকতো
কেউ কি
ইতিহাসে ঠাঁই পেতে চাইতো?
ওহে মৃত্যু, এজন্যই তুমি
জীবনের থেকেও অনেক বেশি সুন্দর!
কিসের সম্রাট? কিসের বিজয়ধ্বজা?
কিসের তরে অমরত্বের আস্ফালন?
ভেসে যায় ভেসে যায়
মহাকালের প্রবাহমান নর্দমায়
সব ভেসে যায়।
ছেঁড়া পাতার ইতিহাস হয়ে
রাজা ভেসে যায়, রাজ্য ভেসে যায়, নক্ষত্র ভেসে যায়।
কারা বেঁচে থাকে? কি বেঁচে থাকে?
সবই যদি নস্যির মতোই নশ্বর
তবে কি বেঁচে থাকে?
ফুলের আর্তনাদ?
নদীর উচ্ছ্বাস?
কামিনীর কামনা উন্মত্ত কটিদেশ?
গফুর মিঞার চোখের জল?
মালবিকা বুকের ভালোবাসা?
অমলের অস্পৃশ্য কবিতা?
কেউ না? কিচ্ছু না?
সবই কি তবে নস্যির মতোই নশ্বর?
ওহে পাগলাবুড়ো মহাকাল
তুমি কি বলতে পারো,
এই বিশ্ব ব্রহ্মাণ্ডে
কে বেঁচে থাকে? কি বেঁচে থাকে?
ছুটতে ছুটতে,
উন্মাদ মহাকাল বলে-
কেউ না। কিচ্ছু না।
বেঁচে থাকে কেবল খেলা।
হার জিত নয়। জয়ী বিজয়ী নয়।
"জন্ম মৃত্যু" নামে
আলো আঁধারি খেলা।
© অরুণ মাজী
Painting: Amelie Von Schintiling
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem