কতদিন আর চরিত্র বেশ্যা থাকবো? (Reflection) Poem by Arun Maji

কতদিন আর চরিত্র বেশ্যা থাকবো? (Reflection)

ভাবি। অনেক অনেক ভাবি।
একদিন। অন্তত একদিন
বিশুদ্ধ করে ভালোবাসবো তোমায়।

হাতটা বাড়িয়ে দিই,
কিন্তু কাদা লেগে হাতে।
মনের জানালা খুলতে যাই,
দেখি, ছিটকিনিতে মরচে ধরে আছে।
হৃৎপিন্ডের চোখে চোখ রাখি,
দেখি, অভিমানে তার চোখ ঢেকে আছে।

ভালোবাসা হয়
কিন্তু বিশুদ্ধ করে হয় না।
অথচ ইচ্ছে কি আমার হয় না?
হয় গো হয়। অনেক ইচ্ছে হয়।
তোমাকে বিশুদ্ধ করে ভালোবাসতে
আমার অনেক ইচ্ছে হয়।

কিন্তু গোলাপ তুলতে গিয়ে
আমি জামুন গাছে চড়ি।
নদীতে ডুবতে গিয়ে
আমি হাঁস তাড়িয়ে ফিরি।
এ বেয়াদপ মন
কখনো আমার কথা শোনে না।

প্রেমিক সাজতে গিয়ে
অর্দ্ধ প্রেমিক, অর্দ্ধ বেশ্যা রয়ে গেলাম।
মানুষ হতে গিয়ে
অর্দ্ধ মানুষ, অর্দ্ধ পশু রয়েগেলাম।

মৃত্যু ইতিমধ্যে
কয়েকবার কড়া নেড়ে গেলো;
অথচ আজও আমার দ্বারা
বিশুদ্ধ কিছু হলো না।
দূর্গা প্রণাম করতে গিয়ে
আজও প্রতিবেশীর সর্ব্বনাশ ডেকে ফিরি।
ফুলের ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে গিয়ে
আজও তার কাঁটার নিন্দা করি।

কতদিন আর চরিত্র বেশ্যা থাকবো হে ঈশ্বর
কতদিন আর চরিত্র বেশ্যা থাকবো?

© অরুণ মাজী
Painting: Andrew Atroshenko

কতদিন আর চরিত্র বেশ্যা থাকবো? (Reflection)
Wednesday, March 21, 2018
Topic(s) of this poem: heart,love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success