মা ফসল দেখেছিলো বেদনার বুড়ি হাত Poem by Soumen Chattopadhyay

মা ফসল দেখেছিলো বেদনার বুড়ি হাত

মা ফসল দেখেছিলো বেদনার বুড়ি হাত

সৌমেন চট্টোপাধ্যায়



গ্রাম ছুঁয়ে ফিরে ফিরে আসা অন্ধ পাখিদের দগ্ধ দেহগান
মেঘের ভেতর কান্নামাখা প্রত্নপথে ঝরেছিলো অবিরল
বীজের গভীরে প্রপিতামহের ধূসর স্নায়ুর মা ফসল
অঘ্রানের রাত ছিঁড়ে স্পর্শ করে ফেলে আসা অন্তিম বাগান

মাটির তৃষ্ণার দিকে ছুটে গিয়ে শুনেছিলো কালের আহ্বান
অস্তিত্বের গাঢ় অনুভবে দেখেছে সেদিন বিস্মৃত অতল
সময়ের হাতে সন্তানের জন্মে রোদ্দুরে খেলেছে অনর্গল
তারপর আবার আদিম গোমুখীর জলে বুনেছিলো প্রাণ


পাথুরে নদীর জলে ভাসে নিষাদের অন্ধকার ইতিহাস
পানকৌড়ি শালিখের সাথে বিবর্তন এনে অনার্য জীবন
দেখেছিলো করোটি কঙ্কালে ভাসে শ্মশানের মেঘলা আকাশ
তবু মহুয়ার গন্ধে আকাঙ্ক্ষার বীজ জেগে থাকে চিরন্তন


বেদনার বুড়ি হাত আশ্বাসে ছায়ার মনে ভরেছে বিশ্বাস
পৃথিবীতে রেখে যাবে তারা আদিবাতাসের ঘ্রাণের স্পন্দন

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success