একটি পাণ্ডুলিপির অসমাপ্ত তরঙ্গ Poem by Soumen Chattopadhyay

একটি পাণ্ডুলিপির অসমাপ্ত তরঙ্গ

ঈশান কোণের গাঢ় অভিমান মারুবেহাগের সুরে উড়ে গেলো নীলের আকাশে।
তখন তুমি স্তব্ধ।
আর আমি, সন্ধ্যা নামার আগে যাদের ফিরে আসার কথা ছিল এই পথে সেই পথের সঙ্গে মিলিয়ে যাচ্ছিলাম।
সেখানে অন্ধকার মৃত্যুর পালক পাহাড় তলির গ্রামীন কঙ্কাল নিজের কফিন থেকে জোরকদমে হেঁটে যাচ্ছিল প্রাচীন অশ্রুবিন্দুর দিকে।

অন্তিম রাত্রির সঙ্গম সেরে তুমি মেধাহীন মিলনের মৃত ঘনত্বের কথা বলেছিলে।

এই অন্ধকারে সেইসব কথা মনেপড়ে।
তুমি, আমি আমরা কেউই ফুরিয়ে যাইনি।
স্তব্ধ রাত্রির সঙ্গে পাতা ধূলো তোমাকে ঘিরে উড়ছে- দেখো বহু শূন্যতার ভেতর তোমার শীর্ণ হাত মানুষের কোলাহল ছুঁয়েছে।
কান্নাবৃক্ষের ছায়ার গভীরে আমাদের বোধের জন্ম হয়।

কথা ছিল ঘুমিয়ে পড়ার আগে সম্ভ্রান্ত মধ্যজীবনের কাছে তুমি ফিরে আসবে— অতীতের সহজ প্রতিভা নিয়ে।
অভিজ্ঞতার অন্তরালে যে দুঃখ অস্থির করে তাকে আজ শান্ত চোখে দেখি।
উদাসীন বেদনার দিনে যখন সারাদিন মেঘ করে, তমালের নির্বাক ডাল ঝুঁকে পড়ে সেদিন প্রাকৃত যোনির বিস্তারে -স্তন নাভিদেশে অঘ্রানের শীত খুঁজেছি।

পাহাড়ি মাটির এই কঠিন স্তব্ধতা আমার ভেতর তোমাকে রোপন করেছিল। তুমি এসো— এক নির্জন শিল্পী তার প্রবীণ পাণ্ডুলিপির অসমাপ্ত তরঙ্গ তোমাকে দিয়ে যেতে চায়।

একটি পাণ্ডুলিপির অসমাপ্ত তরঙ্গ
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success