মৃত্যুর গন্ধের কাছে Poem by Soumen Chattopadhyay

মৃত্যুর গন্ধের কাছে

পাহাড়ি পূর্ণিমা। পাথর বেয়ে জ্যোৎস্না চুঁইয়ে নামে। রুপোলি আলোয় শ্যাওলার অন্ধকার ডাকে।সহজাত অন্ধকার এখানে বড় নিষ্ঠুর। শীতের সন্ধ্যার সমস্ত সম্ভাবনা তীব্র হয়েছে। এখানের আদিবাসী গ্রামগুলি পাতা খসার শূন্যতা নিয়ে নিথর বসে আছে। ডানাভাঙা হাজার মুখ কঠিন শিলার দিকে চেয়ে থাকে। মরুরাত্রির বুকে জমে থাকা জাগরীর অভিমান এক কাঙালির মৃত্যুগন্ধের অভিজ্ঞান। ঝিঁঝির নিবিড় ডাক ধুধু মাঠের টিলা ভেঙে আমার ভেতর মর্মরিত হয়। ধূসর নির্জনতার স্বর একাকী আমাকে পাথুরে মাটির ঘনিষ্ঠতায় একাকার করে। ঘুমন্ত বীজ ফসলের আকাঙ্ক্ষায় ঘন ছায়ার ভেতর একটি ঋতুর পূর্ন আয়ু খুঁজেছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে আঁকড়ে ধরি মাটির ভাঙা মানুষ। মহাশূন্যে পাখির আর্তনাদ গোড়ালির কাছের নুড়িতে কাঁকরে অস্তিত্বের শেষ গল্প আঁকে।

মৃত্যুর গন্ধের কাছে
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success