নক্ষত্র নাড়ির গভীর আত্মীয় Poem by Soumen Chattopadhyay

নক্ষত্র নাড়ির গভীর আত্মীয়

অশ্বত্থের নিচে বসে আছি।
পাহাড়ি হাওয়ার অন্ধকারে অশরীরীরা উড়ে আসে।
তলদেশে বিছিয়ে রয়েছে ধানজমি।
বেলাশেষে সন্ন্যাসী আলোর বৃত্ত কার্তিক সন্ধ্যার দুঃখ ঘেঁটে চিরস্থির শূন্য আকাশে এগিয়ে যায়।
ব্যক্তিগত স্মৃতিশোক মাটির শরীর টেনে নিলে পৃথিবীর ভূর্যপত্রে লেখা মধুমন্ত্রগুলি শিয়রের পাশে ফুটে ওঠে।
মায়ের মেধাবী গর্ভে আমার আবার জন্ম হয়।
তৃষ্ণার্ত তারারা ছুটে আসে। নক্ষত্র দেশের ছায়ার ভেতর বেদনার বীজ আত্মজের জন্ম দেয়।
অশ্বত্থের পাতা ঝরে যেতে যেতে আমাকে জড়িয়ে ধরে।শুদ্ধির সংসারে নিরন্তর হেঁটে যাই। আত্মীয়তার জীবন, জুড়েছে ধুধু মাঠের নিথর তরঙ্গের দেহে।
শীতের পাখিরা গাছের উপর তখন জীবন বিনিময় করে।

ফেরার মেঘলা আলপথে স্রোতস্বিনী নদীতট পেরিয়ে শ্মশান। একাকী দাঁড়িয়ে আছি। অশ্বত্থের প্রাণ কাছে ডাকে। বুক ঠেলে কণ্ঠের নিবিড় স্বরে গা ভাসলো। এলোমেলো ডালপালা শেকড় বাকড় বলে— আমি সেই বিষাদ বীজের আত্মজ—
তোমার নক্ষত্র নাড়ির গভীর গভীর আত্মীয়।

নক্ষত্র নাড়ির গভীর আত্মীয়
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success