চারণ কবির কবর পেরিয়ে ভেসে আসে দেহাতি গানের সুর।
অস্তগামী সূর্য মৃত পাখিদের পালকের মুখোমুখি হয়। বহুবর্ণের অন্ধকার থেকে দুখের জাগৃতি নশ্বর সময় নিয়ে উড়ে যায়। দ্বিতীয় সত্বার জন্ম এখানে দাঁড়িয়ে থাকে।
দূর পাহাড়তলির গ্রাম থেকে দেখেছি শাল্মলী দ্বীপ-সুরা সমুদ্র আহ্বান।তারপর প্রপিতামহের আর্তনাদ ঝিঁঝিঁ ডাকা সন্ধ্যায় মিলিয়ে যায় প্রাচীন খিলানে।
প্রতিশ্রুতি ভেঙে ভেঙে অন্ধ অরণ্যের দিকে চলে যায় হেগেলের রাষ্ট্রতত্ব। বস্তুহীন একাকী আরোগ্য নিকেতন জন্মের ভেতর কোন প্রজন্মে তোমাকে নিয়ে যায়!
মানুষের পিপাসার দীর্ঘ সঙ্ঘ ছায়া - জল চেয়েছিল একদিন।
রাত্রির আকাশে চারণ কবির মৃতদেহ অতিক্রম করে ক্রমশ বিপ্লব আসে। পরিণত পাণ্ডুলিপি পাহাড়ের দেশে ওড়ে।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem