ঠাম্মা, ভালো আছো তুমি?
চাঁদের দেশে বড় শান্তি বুঝি?
জানো, আমারও ইচ্ছে করে
সেখানে যেতে,
কেবল তোমাকে দেখতে।
ত্রিশটা বছর হয়ে গেলো
তোমাকে দেখি নি ঠাম্মা।
ইচ্ছে করে।
বড় ইচ্ছে করে তোমাকে দেখতে।
ভালোবাসার লোকগুলো
জীবন থেকে
সবাই কেমন সরে যাচ্ছে।
প্রথমে বাবা,
পরে মেজোকাকা সেজোকাকা,
তারপর ছোট কাকা।
আর মা?
সে তো কবেই চলে গেছে।
তার মুখটাও কখনো মনে পড়ে না।
আজকাল কেউ আর
আমার রক্ষায় ছুটে এসে
চোখ পাকিয়ে চিৎকার করে বলে না-
"তোকে সাবধান করছি বড় বৌ
আমার অমলের গায়ে তুই
কক্ষনো হাত দিবি না।"
কেউ আসে না গো ঠাম্মা
কেউ আসে না।
নিজের যন্ত্রণায়
নিজেই কেবল ছটফট করি।
তাই তো
বড় মনে পড়ে তোমাকে।
কে আর ভোরের বেলা ডাকবে
"ওঠ অমল ওঠ
দেরী হয়।
বেলা হলে আর চিংড়ি মাছ থাকে না! "
তারপর সেজকাকার কাঁধে চড়ে
সটান বড় খালের ধারে।
স্কুলমাঠে ফুটবল খেলা হলে
কে আর সারাক্ষন কাঁধে নিয়ে
পুরো ম্যাচ দেখবে?
সেই সেজো কাকাটা শেষে
উন্মাদ হয়ে মরে গেলো।
ছোট কাকার কি আর
মরার বয়স ছিলো ঠাম্মা?
তবুও,
অকালেই সে মরে গেলো।
আজকাল
সব কিছু শূণ্য লাগে ঠাম্মা।
ঘর দুয়ার হৃদয়
সবই শূন্য লাগে।
তুমি বলতে
"তুই অনেক বড় হবি অমল! "
বড় তো হয়েছি ঠাম্মা।
তবুও এতো শূণ্যতা কেন?
আজ আমি ছোট হতে চাই ঠাম্মা।
আবার আমি
তোমার কোলে
মায়ের কোলে ফিরে যেতে চাই।
আবার আমি
তোমার কোলে বসে
চাঁদ দেখতে চাই, তারা গুনতে চাই
ফড়িং ধরতে চাই।
আবার আমি
তোমার হাত ধরে
ফুল তুলতে চাই, আম কুড়োতে চাই
মাঠে মাঠে ঘুড়ে বেড়াতে চাই।
ছোটথাকলেই যদি
এতো খুশি, এতো আনন্দ
তবে
মানুষ কেন বড় হয় ঠাম্মা?
মানুষ কেন চিরদিন
তার মায়ের কোলে থাকে না?
তার ঠাম্মার কোলে থাকে না?
তার গাঁয়ের মাটিতে থাকে না?
কেন মানুষ অট্টালিকা চায়?
ধন চায়? দৌলত চায়?
ডিগ্রী চায়? খ্যাতি চায়?
আকাশ ছুঁতে চায়?
আমি এসবের কিচ্ছু চাই না ঠাম্মা।
আমার ধন দৌলত অট্টালিকা
সবের বিনিময়ে
আমি কেবল
তোমার কোলে ফিরে যেতে চাই।
আমি মাকে চাই, তোমাকে চাই
সেজো কাকাকে চাই।
জানো
তোমাকে একটু দেখতে ইচ্ছে করে।
তোমার পান খাওয়া গালের চুমু
আবার একটু পেতে ইচ্ছে করে।
তোমার কোলে বসে
গলা জড়িয়ে
জিজ্ঞেস করতে ইচ্ছে করে-
ঠাম্মা ঠাম্মা, চরকা বুড়ীর বয়স কত?
চরকা বুড়ী কি তোমার মতো
শুধু মিঠে মিঠে পান খায়?
ঠাম্মা, তোমাকে যেমন দিই
চরকা বুড়ীকেও আমি
তেমনই একটা পান সেজে দেবো।
ইচ্ছে তো অনেক কিছুই করে ঠাম্মা।
তবে কেন পারি না?
বড় হলেই যদি সব পারা যায়
তবে কেন আমি
তোমার কোলে ফিরে যেতে পারি না?
এসো না একদিন
একটা পাখি হয়ে, বা একটু বাতাস হয়ে।
ভেবেছো
তোমায় আমি চিনতে পারবো না?
পারবো গো পারবো
তোমার পান খাওয়া গালের সুগন্ধ
আমি ঠিকই চিনতে পারবো।
এতো ভালোবাসা ঢেলেছো বুকে
আজও তা শেষ করতে পারি নি।
যেদিন আমি মরবো
সেদিনও আমি
তোমার ভালোবাসা বুকে মরবো।
যেখানেই থেকো
তুমি ভালো থেকো ঠাম্মা।
© অরুণ মাজী
Painting: Gaetano Bellei
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem