তোমার ছোঁয়া না পেলে
ভাবছি- আর লিখবো না কোন কবিতা।
শব্দগুলো কেমন যেন
রুক্ষ আর দীর্ণ হয়ে যাচ্ছে।
স্নেহ নেই, মায়া মমতা নেই
ভালোবাসার আঁচল নেই
কোন কিচ্ছুই নেই।
যে শব্দ, মানুষের-
বুকে হাত বুলিয়ে দেয় না,
চোখের জল ঢাকে না,
হৃদয়ে, ভালোবাসা জাগ্রত করে না;
সে শব্দ দিয়ে, আর যাই হোক
কবিতা কখনো হয় না।
তোমার বুকের
নরম গরম স্পর্শ না পেলে
ভাবছি- আর লিখবো না কোন কবিতা।
আঙুলগুলো কেমন, অসাড় হয়ে যাচ্ছে।
বুকটা, কেমন শূন্য হয়ে যাচ্ছে
হৃদয়টা, কেমন নিষ্ঠুর হয়ে যাচ্ছে।
কবিতাগুলো কেমন যেন
নিষ্ঠুর সব গদ্য হয়ে যাচ্ছে।
মাইরি বলছি-
তোমার ঠোঁটের
আলতো একটু ছোঁয়া না পেলে
ভাবছি- আর লিখবো না কোন কবিতা।
কবি আমি,
জল্লাদ তো নই।
শব্দ দিয়ে নরহত্যা, আমার কাজ নয়।
সন্ধ্যে সাড়ে সাতটার সময়
শিমুল তলায় এসো।
না হয়, বেলফুলের গন্ধ মেখেই এসো
না হয়, বুকটা একটা আলগা করেই এসো।
ছুঁয়ে ছুঁয়ে
একটু গন্ধ মেখে নেবো।
ঘেঁষে ঘেঁষে, পাশে বসে
তোমার একটু পরশ মেখে নেবো।
দেখো-
তারপর কেমন আমি
এক আকাশ কোমল কবিতা লিখি!
© অরুণ মাজী
Painting by Amit Bhar
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem