কে বেশি সুন্দর- জীবন অথবা মৃত্যু? (Who Is More Beautiful- Life Or Death?) Poem by Arun Maji

কে বেশি সুন্দর- জীবন অথবা মৃত্যু? (Who Is More Beautiful- Life Or Death?)

Rating: 5.0

মৃত্যুকে যারা
কালো কুচ্ছিৎ উঁচকপালী বলে
আমি তাদের দলের কেউ নই।

মৃত্যুরাণীর-
খোলা বুক তারা দেখে নি
আড়চোখের হাসি তারা দেখে নি
ডাগর বুকের উচ্ছ্বাস তারা দেখেনি।

ঊর্বশীর বুকে শুয়ে
দেবতাকে কাঁদতে শুনেছি আমি।
জীবনের বুকে শুয়ে
মানুষকে কাঁদতে শুনেছি আমি।

কিন্তু মৃত্যুর বুকে শুয়ে
আজও কাউকে, কাঁদতে শুনি নি আমি।

'জীবন' নামের পরস্ত্রী-
ভুলিয়ে ভালিয়ে
মানুষকে, তার নগ্ন মায়াবী বুকে বন্দী করে।
মানুষকে সে,
সুখের প্রতিশ্রুতি দিয়ে
যন্ত্রণার হাহাকারে নিক্ষেপ করে।
স্বপ্নের সাত রঙ দেখিয়ে
হতাশার অন্ধকারে নিক্ষেপ করে।

কিন্তু মৃত্যু?
মানুষের আপন স্ত্রী যে-
সে- নীরবে নিঃশব্দে
মানুষকে অকাতরে ভালোবেসে যায়;
মানুষের ফিরে আসার জন্য
অধীর আগ্রহে অপেক্ষা করে যায়।

অথচ মানুষ?
জীবন কারাগারের অন্ধকারে
এতটাই মোহাচ্ছন্ন যে-
সে মৃত্যুকে ঘৃণা করে,
তাচ্ছিল্য করে, অপমান করে!

মৃত্যু তবুও কত
শুভ্র, স্নিগ্ধ আর ক্ষমাসুন্দর!
মানুষকে কখনো
পরিত্যাগ করে না সে।

ক্ষমা করো হে মৃত্যুরাণী
ক্ষমা করো তুমি সুন্দরী।
তুমি সুখ, তুমি নিরাময়
তোমার রূপে আমি মরি।

© অরুণ মাজী
Painting: Jia Lu

কে বেশি সুন্দর- জীবন অথবা মৃত্যু? (Who Is More Beautiful- Life Or Death?)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success