শীতের শেষ হিমটুকু গলে গেছে
পাতাহীন নগ্ন ডালপালা নেড়ে
বৃক্ষ তার প্রাণের প্রমাণ দেয়,
আমাদের মনের অনেক গহীনে
অনেক যতনে কারারুদ্ধ বাসনা
শীতঘুম শেষে সজোরে সাড়া দেয়।
তীব্র সাদা আলোর ঝলকানি
পোলারয়েডে কৃত্রিম জীবন
তার দিবাস্বপ্ন দেখতে মানা,
কর্পোরেট বাসিন্দা বারান্দায়-
দাঁড়িয়ে আর রবির গান শোনে না।
আমাদের আত্মা প্রায় শুকিয়ে এসেছে
শহুরে চাপে অর্ধমৃত সব নদীর মতো
যারা ছুটে বিশালের টানে- মুক্তির সন্ধানে,
আমাদের দিনগুলি অনেক বিস্তৃত
অগুনিত এলইডির চাদরে ঢাকা রাতে
প্রিয় চাঁদ-তারাদের ডাক পৌঁছায় না কানে।
পৃথিবী অনেক পালটে গেছে
পাতায় পাতায় শত অভিযোগ
সর্ব ব্যস্ততার আড়ালে চাপাশোক
উন্মুক্ত আহবানে উতরে এসেছে
প্রোগ্রামে ঠাসা ভ্রান্তি-রোগ।
নতুন স্বপ্ন যারা লিখি
যারা পারি আশার পদ্ম ফুটাতে
তারাও হতাশার ডুবোজলে নির্বাসিত,
প্রাচীনের সাক্ষী এ সময়
যে পারে সারাতে সকল রোগশোক
সে আছে চোখ মুদে, অর্ধ-পরাজিত।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem