আমার মাকে মনে পড়ে না (Amal) Poem by Arun Maji

আমার মাকে মনে পড়ে না (Amal)

আকাশে সেদিন মেঘ ছিলো
মেঘে বৃষ্টি ছিলো।

হেমন্তে সেদিন বাতাস ছিলো
বাতাসে সুগন্ধ ছিলো।

সেদিন সবই ছিলো।
ছিলো না শুধু
আমার মায়ের বুকে
হৃদের স্পন্দন।  

জানো? আমার মা
আমার দিকেই চেয়ে ছিলো।
ঠিক আমার দিকে।
কিন্তু কোন কথা বলছিলো না।
অনেক ডেকেছিলাম মাকে
মা মা
ও মা.....
নাহঃ মা আর সাড়া দিলো না।

বুক আমার ধড়াস করে উঠলো।
দিন কেমন আঁধার হয়ে গেলো
চোখ কেমন ঝাপসা হয়ে গেলো।

হারিয়ে গেলো।
কি যেন কি একটা
হারিয়ে গেলো।

দাদু বললো-
'অমল, চল
খেজুর পেড়ে আনি আমরা।'

ঊহঃ কত খেজুর দাদু!
খুব মিষ্টি! তাই না?
এগুলো তপুকে দিই দাদু?

খেজুর খেতে খেতে
হটাৎই ডুকরে
কেঁদে উঠেছিলাম আমি।
কে জানে
কেন কেঁদেছিলাম আমি!

ওরা বলে-
কাকার হাত ধরে
মায়ের মুখাগ্নি নাকি
আমিই করেছিলাম!

মিথ্যুক! ওরা বড় মিথ্যুক!
আমি কি কখনো
মায়ের মুখে আগুন দিতে পারি?
ওরা জানে না
মাকে আমি কত ভালোবাসি!

ওরা সবাই মিথ্যে বলে
রাশিরাশি মিথ্যে বলে।
কই, মা তো এখনো
দিদি বাড়ি থেকে ফিরলো না !

ঠাম্মাও পাজি
দাদুও পাজি।
ওরা মিথ্যে বলে আমায়।

বুল্টি দিদি বরং অনেক ভালো।
দিদি বলে-
'মা গেছে মেঘের দেশে।
যারা খুব সুন্দর হয়
কেবল তারাই যায় মেঘের দেশে।'

জানো? আমার বুল্টি দি
ঠিক মায়ের মতো।
ওই তো আমাকে দেখাশোনা করে।  

দিদি আমাকে
কোলেও নেয়
আবার গায়ে, হাতও বুলিয়ে দেয়।

অবশ্য মাঝে মাঝে
দুষ্টুমি করলে
কানও মুলে দেয়।
অবশ্য খুব জোরে নয়
আলতো করে।

বুল্টি দিদির কান মুলা
খুব মিষ্টি!
কি সুন্দর নরম নরম হাত!
দিদি ছুঁলেই
তখুনি ঘুমিয়ে পড়ি আমি।  

আচ্ছা বুল্টিদি,
মায়ের মুখটা কেমন ছিলো বল তো?
নদীর মতো?
না আকাশের মতো?
নাহঃ হলো না।
মা ছিলো গাঁদা ফুলের মতো।  

জানিস দিদি
উঠোনের গাঁদা ফুলের গাছটা
আমাকে 'খোকা' বলে ডেকেছিলো।

মা আমাকে খোকা বলে ডাকতো
তাই না?
আচ্ছা দিদি,
মায়ের গায়ে
শুধু কি গাঁদারই গন্ধ ছিলো?

জানিস?
গাঁদা আমার খুব পছন্দ!
এই দেখ
আমার পকেটে কত কত গাঁদা।
শুঁকে দেখ তুই;
আমারও গায়ে গাঁদার গন্ধ।

জানিস?
মাকে যদি কাছে পাই  
সব গাঁদা মাকে দেবো।

আচ্ছা বুল্টিদি  
মেঘের দেশে কি শুধু পরীই থাকে?
পেন্তী বুড়ী বলে
পরীর দেশে
বাচ্চাদের যাওয়া মানা।

আচ্ছা দিদি,
তুইই বল-
মায়ের কি
একবারও আমাকে মনে পড়ে না?
 
(বিশ বছর পর)

ভালো আছিস বুল্টিদি?
জানিস?
আমার তোকে মনে পড়ে
আর গাঁদা ফুল মনে পড়ে।
কিন্তু মাকে মনে পড়ে না।
একটুও না।

জানিস?
মায়ের মুখটা কেমন ছিলো?
নদীর মতো?
না আকাশের মতো?

© অরুণ মাজী

আমার মাকে মনে পড়ে না  (Amal)
Monday, August 2, 2021
Topic(s) of this poem: mother,poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success