শুকনো রুটি জল মেখে
খেয়েছি আমি অনেক।
বাঁচতে আমি চাই নি
তবুও বেঁচে আছি।
এই মুখপোড়া কালামুখো পৃথিবীতে
তবুও বেঁচে আছি।
কেন বেঁচে আছি হে ঈশ্বর
কেন বেঁচে আছি আমি?
এই নশ্বর পৃথিবীর
অবিনশ্বর জিঘাংসা দেখে
প্রশ্ন করেছি অনেক-
ঈশ্বর কার বাপের সন্তান?
ন্যায় শব্দের বানান
কখনো তিনি শিখেছেন কিনা?
ক্ষুধার্ত শিশুর কান্না
কখনো তিনি শুনেছেন কিনা?
নারী যোনিতে আর্তনাদের ছবি
কখনো উনি দেখেছেন কিনা?
জানি, কেউ দেবে না উত্তর।
কেউ না।
আমার এহেন প্রশ্নে
কারও কিছু আসে যায় না ।
কেন না
বিবর্তনের সরণী বেয়ে
কৃমি একদিন মস্তিস্কযুক্ত কৃমি হবে।
কিন্তু মানুষ কখনো
মস্তিস্কযুক্ত মানুষ হবে না।
যা দিনের মত স্বচ্ছ
তাও মানুষ দেখতে পায় না।
আমাকে ধার্মিক দেশ দেখাও
তোমাকে গরীবী দেখাবো আমি।
আমাকে অশিক্ষা দেখাও
তোমাকে শিশুর অনাহার দেখাবো আমি।
আমাকে নারী বঞ্চনা দেখাও
তোমাকে চির অন্ধকার দেখাবো আমি।
জানি, আমার দেখানোতে
কারও কিছু আসে যায় না।
কেন না
কেঁচো ছারপোকা একদা চৈতন্যযুক্ত হবে
কিন্তু মানুষ কখনো চৈতন্যযুক্ত হবে না।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem