আড়চোখে তুমি তাকালেই
তোমার কালো চোখে
একটা শ্মশান দেখতে পাই।
শ্মশানের লেলিহান সেই শিখা
দুলে দুলে নাচতে নাচতে
উন্মত্তের মতো ডাকে আমায়-
"আয় আয় কাছে আয়
এখানে মৃত্যু নামের শান্তি আছে
এখানে যন্ত্রণা নামের সুখ আছে
এখানে গরল নামের অমৃত আছে
এখানে অবজ্ঞা মিশ্রিত ঘৃণা নামের প্রেম আছে।"
ইচ্ছে হয়
ঝাঁপিয়ে পড়ি লেলিহান সেই চিতায়।
দীর্ঘ যন্ত্রণার চেয়ে
শান্তিময় মৃত্যু- নিরাময় নয় কি?
আমন্ত্রণ পত্রে একটা তারিখ থাকা উচিৎ হে নারী
আমন্ত্রণ পত্রে একটা তারিখ থাকা উচিৎ।
নিরন্তর মৃত্যুর জন্য ডাকছো আমায়
অথচ মৃত্যুলগ্ন
আর শ্রাদ্ধবাসরের ঠিকানা তুমি দাও নি।
তুমি কি চাও- আমগাছ বেয়ে
বারান্দায় চড়ে
ঝাঁপিয়ে পড়ি আমি
নিদ্রামগ্ন শ্মশানের উপর?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem