ইচ্ছে করে একটু মানুষ হতে (Amal) Poem by Arun Maji

ইচ্ছে করে একটু মানুষ হতে (Amal)

Rating: 5.0

এসো, তোমার কাজল চোখের ভালোবাসায়
বদলে দাও জীবন। বদলে দাও আমাকে।

কাঁহাতক আর অমানুষ থাকা যায়?
একটু মানুষ সাজতে ইচ্ছে করে না আমার?

এক পৃথিবী অমানুষ আমার মধ্যে-
এক আকাশ হিংসা। এক সাগর বিদ্বেষ।
এক নরক লোভ ক্ষোভ।

তুমিই বলো-
এতো প্রেমহীনতা বুকে
মানুষ কিভাবে হবো?
এতো স্পর্শহীনতা বুকে
কোমল কিভাবে হবো?
নারী বুকের উষ্ণতা ছাড়া
স্বপ্ন কিভাবে আঁকবো?

ওহে নারী, প্রেমহীনতা বুকে
গ্রহ ঝরে যায়। নক্ষত্র ঝরে যায়।
আর দুর্বল মানুষের স্বপ্ন?
তা কি তবে ঝরবে না?

তোমার আগ্নেয় বুকের উষ্ণ স্পর্শ দিয়ে
বদলে দাও আমাকে। আমার-
রুক্ষ হৃদয়, স্বপ্নহীন রাত্রি,
অগোছালো জীবন,
এলোমেলো চুল, ময়লা জামা,
ছেঁড়া বোতাম।

বদলে দাও। তোমার আগ্নেয় বুকের
উষ্ণ স্পর্শ দিয়ে
এখুনি বদলে দাও আমাকে।

বড় ইচ্ছে করে গো
বড় ইচ্ছে করে একটু মানুষ হতে।

© অরুণ মাজী
Painting: JWG

ইচ্ছে করে একটু মানুষ হতে (Amal)
Wednesday, February 20, 2019
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success