আজ তুমি আমি হাঁটবো
স্বপ্নের ভিতর।
পায়ে পায়ে নয়।
চোখে চোখ রেখে
মুখোমুখি বসে।
তোমাতে আমাতে
ব্যবধান নাকি
সহস্র আলোকবর্ষ!
চোখে চোখ রেখে
হাঁটবো
কুয়াশা ধোঁয়াশা ভরা
ভীতি অবিশ্বাস ভরা
অর্দ্ধেক ভালোবাসা অর্দ্ধেক ঘৃণা ভরা
অগম্য সেই পথ।
আমাদের প্রথম দেখার
বয়স কত যেন?
পৃথিবীর ঘড়িতে
হিসেব মিলিও না তার।
জিজ্ঞেস যদি করতে হয়
তো সূর্যকে জিজ্ঞেস করো।
তুমি ছিলে বৃহস্পতি
আমি ছিলাম তোমার বলয়।
চোখে চোখ রেখে
সহস্র বছর ধরে
তোমাকে প্রদক্ষিণ করেছি আমি।
কেন?
মনে নেই আমার।
মনে আছে?
মনে আছে তোমার?
কিছুই মনে নেই আমার।
আজ স্বপ্নের ভেতর
তুমি আমি হাঁটতে চাই কেন?
জানি না।
আমার জানার কথা নয়।
যা কিছু ঐশ্বরিক হৃদয় জাত
তাকে মানুষের কথা দিয়ে
ব্যাখ্যা করবো
এমন অহঙ্কারী আহাম্মক আমি নই।
আমরা আজ হাঁটবো মালবিকা।
কেবলই হাঁটবো
স্বপ্নের ভিতর মিছিমিছি হাঁটবো।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem