ঝিলিক চোখে তাকালেই
অসংখ্য প্রজাপতি
উড়তে থাকে সামনে তোমার।
খিলখিল করে হাসলেই
সুদূরের নীলাকাশ
সেও আর আকাশে থাকতে চায় না।
অথচ আমি?
নিঃসঙ্গতার ফিতে দিয়ে
নিত্য জীবনের দৈর্ঘ্য মাপি।
বিস্মৃত শুষ্ক অশ্রু জলে
যৌবন নদীর গভীরতা মাপি।
অথচ পৃথিবী যে প্রেম ভালোবাসাহীন
তা কিন্তু নয়।
হাত বাড়ালেই মুঠো ভরে যায়
অনাহুত ভালোবাসার
রঙ বেরঙের রত্নে।
কিন্তু সে যে অনাহুত রত্ন।
তাতে আমার মন ভরবে কেন?
পাওয়াই কি সব?
চাওয়ার কি কোন গরিমা নেই?
যা চাইবো তা একদিন পাবো
সেই অহঙ্কারে কি কোন
স্বর্গ অথবা অমৃত লুকিয়ে নেই?
কার হাত কাঁধে তোমার?
কার?
কোন লম্পট চরিত্রহীন ক্লীবের?
কোন স্পর্ধায়
কুলাঙ্গার ছুঁতে পারে তোমায়?
কোন স্পর্ধায়?
বলো, কোন স্পর্ধায়?
আমি কি উন্মাদ হয়ে গেছি?
নইলে যে নারী
কোন কালেই আমার ছিলো না
তাকে আজও আমি
আমার ভাবছি কেন?
কেন?
কেন হে মালবিকা
কেন?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
Wow! True love to a woman who was never yours! Wonderful lines with unique wirds! Love it. Thanks for sharing.