যৌবনের জল্লাদ ও অসহায় অমল (Amal) Poem by Arun Maji

যৌবনের জল্লাদ ও অসহায় অমল (Amal)

Rating: 5.0

কার হাসি শুনি?
ছেয়ে আছে সময় অবসাদের মেঘে
শুয়ে আছে পৃথিবী বিদ্বেষের কোলে
নুয়ে আছে সূর্য স্বপ্নহীনতার ভারে
এমন কালরাত্তির দুপুরে
কার হাসি শুনি?

বারান্দায় উঁকি মেরে দেখি
হেঁটে যায় ফেরিওয়ালা খিদে ফেরি করে
শুয়ে আছে শ্বাপদ শিশু মায়ের প্রত্যাশা করে
জেগে আছে বৃক্ষ দীর্ঘশ্বাস বুকে করে
এমন অশুভ শুভলগ্নে
কার হাসি শুনি।

হৃদয়ে হাত দিয়ে দেখি
এক ফোঁটা রক্ত।
এ কার কাঁটা? এ কার দেওয়া ক্ষত?
কোন নারীর এমন
অ-নারী সুলভ হৃদয়ের রক্ত পিপাসা?
কার জন্য স্বপ্ন? কার জন্য স্বপ্নভঙ্গ?
কার জন্য যৌবন?
কার জন্য যৌবনের অকাল আত্মাহুতি?
কার জন্য রাত্তির?
কার জন্য রাত্তিরে
আগ্নেয়গিরির মৃত্যুর বিস্ফোরণ?

চোখের জলের আয়নায়
আবছা তাকে দেখি।
প্রেমের আবরণে মৃত্যুর ফেরিওয়ালা
তুমি?
এ হাসি তোমার হাসি?

দেরি কেন? এতো দেরি কেন?
যৌবনের জল্লাদ হে স্বপ্ননারী
কর্তব্য পালনে তোমার দেরি কেন?

© অরুণ মাজী

যৌবনের জল্লাদ ও অসহায় অমল (Amal)
Saturday, April 20, 2019
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 20 April 2019

দেরি কেন? এতো দেরি কেন? ...An excellent Bangla poem is very brilliantly penned.10

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success