স্বপ্ন ছিলো
মানুষের হয়ে
বুক চিতিয়ে লড়বো একদিন।
স্বার্থের জন্য নয়, খ্যাতির জন্য নয়।
মানুষ হয়ে
আরেক মানুষের জন্য
লড়বো একদিন।
স্বপ্ন ছিলো
কাগজ কুড়ানো
ময়লা গায়ের ছেলেটাকে
বুকে জড়িয়ে বলবো একদিন-
আয়, বুকে আয় আমার।
আমার সন্তান তুই
তোর সব দায়িত্ব আমার।
স্বপ্ন ছিলো
ন বছরের
চা দোকানের ছেলেটার পকেটে
হাজার টাকা গুঁজে বলবো একদিন-
স্কুলে যা।
আমার মাইনে থেকে সাহায্য দেবো তোকে।
তুই স্কুলে যা।
স্বপ্ন ছিলো
রাস্তার কুকুরকে
বুকে জড়িয়ে বলবো একদিন-
তুইও মানুষ
তুইও আমাদের একজন ভোলা।
এ পৃথিবী তোরও বটে
আমারও বটে।
স্বপ্ন ছিলো
গোপন এক রাতে
নদী তীরে মাথা ছুঁইয়ে বলবো একদিন-
জানো নদী
তুমি আমার মা?
আমার ধাত্রী আমার পালিকা
তুমি নদীরূপিণী ঈশ্বরী মা।
চরণে প্রণাম তোমার মা।
স্বপ্ন ছিলো
অনেক অনেক ভালোবাসবো আমি।
রঙ দেখে নয়। জাত দেখে নয়। শিক্ষা দেখে নয়।
ধর্ম দেখে নয়। টাকা দেখে নয়।
মহাবিশ্বের এক সদস্য আমি,
আরেক সদস্যকে
অনেক অনেক ভালোবাসবো আমি।
অথচ আজ?
মানুষের চামড়ায় এক অমানুষ আমি।
জীবিকার দ্বারে জীবন বন্ধক।
নিয়মের দ্বারে স্বপ্ন অসহায়।
লোভের দ্বারে বিবেক বিক্রীত।
হিংসার দ্বারে হৃদয় ভিখারী।
ঘৃণার দ্বারে প্রেম মৃত।
মরতে ইচ্ছে হয় গো ঈশ্বর
মরতে ইচ্ছে হয়।
মরণ দাও গো মরণ দাও আমায়।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
wow superb writings and great poem excellent expressive