গৃহী রূপে সন্ন্যাসী আমি (Amal) Poem by Arun Maji

গৃহী রূপে সন্ন্যাসী আমি (Amal)

বড় রুক্ষ নিঃসঙ্গ আমার পথ।
হাঁটতে এসো না হে বালিকা
এ পথ হাঁটতে তুমি এসো না।

যে পথ
আদি অনন্তকাল হতে
নিঃসঙ্গ বন্ধুর
সে পথে সঙ্গী তুমি হবে কেন?

জানো না
দারিদ্র্য, স্বপ্ন কেড়ে নেয়?
খিদে, প্রেম কেড়ে নেয়?
অভ্যাস, শৈশব সুলভ উচ্ছ্বাস কেড়ে নেয়?
পথের যন্ত্রণা, প্রতিজ্ঞা কেড়ে নেয়?
সম্পদের হাতছানি, গন্তব্য ভুলিয়ে দেয়?

গৃহী রূপে সন্ন্যাসী আমি।
নিজে খিদের যন্ত্রণা সহ্য করতে পারি।
কিন্তু ক্ষুধার্তের যন্ত্রণা?
তা সহ্য করতে পারি না।
রক্তাক্ত হৃদয়েও এগিয়ে যেতে পারি আমি।
কিন্তু অন্যের রক্তাক্ত হৃদয়?
তা দেখতে পারি না।

রুক্ষ আবরণে ঢাকা
ফুল হয়ে বেঁচে আছি আমি।
কিন্তু তুমি?
কেবলই ফুল। নরম ফুল।
রুক্ষতার বর্ম নেই তোমার
এ পথে বাঁচবে কি করে?

ফিরে যাও হে স্বপ্নচারিণী বালিকা
সত্য পথের যাত্রীর
প্রেমিকা হতে এসো না।


© অরুণ মাজী

গৃহী রূপে সন্ন্যাসী আমি (Amal)
Saturday, May 4, 2019
Topic(s) of this poem: courage,journey,love,poverty,truth
COMMENTS OF THE POEM
Ruby Mostazir 05 May 2019

গৃহী রূপে সন্ন্যাসী আমি। নিজে খিদের যন্ত্রণা সহ্য করতে পারি। কিন্তু ক্ষুধার্তের যন্ত্রণা? তা সহ্য করতে পারি না।....খুব সুন্দর কথাগুলো

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success