কত অপেক্ষা করবো হে নারী
আর কত অপেক্ষা করবো?
যৌবন আমার
হামাগুড়ি দিয়ে
মঙ্গলগ্রহের জীবাশ্ম হলো আজ
অথচ "হ্যাঁ" এখনো করলে না।
কতদিন?
বলি, কতদিন আর ছবিতে
তোমার জবাকুসুম ঠোঁটের
অমৃত পানের মিথ্যে অভিনয় করবো?
আসল জবা কুসুম কি
অধরাই থাকবে হে নারী
আজীবন অধরাই থাকবে ?
একবারও কি
তোমার প্লাবিত উপত্যকায়
হা ডু ডু খেলতে দেবে না?
একবারও কি
তোমার নন্দন কাননে
খালি গায়ে ঘুড়ি উড়াতে দেবে না?
একবারও কি
তোমার কুহেলিকাময় ঝর্ণায়
চিৎ আর ডুব সাঁতার কাটতে দেবে না?
হায়রে আমার ফাটা কপাল!
সদ্যস্নাত নারী কেবল স্বপ্নেই আসে
বুকে কখনো আসে না।
কাজল চোখের হাসি
কেবল দূর থেকেই হাসে
বুক ছুঁয়ে হাসে না।
কত দূর আর ছুটবো হে মরীচিকা
কত দূর আর ছুটবো?
একবারও কি আগুন বুকে তোমার
ঝাঁপিয়ে পড়তে দেবে না?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem