কল্পনার সিঁড়ি ভেঙে
দাঁড়িয়ে আছি এভারেস্ট শৃঙ্গে।
একা
তবুও একাকী নই।
মাথার উপর অনন্ত বক্ষ আকাশ
পদতলে অসীম ধৈর্য্যের সহনশীল হিমালয়
আর দূরে
সবুজ পৃথিবী অপেক্ষারত
আমাকে একটু আদর দেবে বলে।
চারপাশে এতো অন্তহীন শূন্যতা
তবুও কেউ শূন্য নয়
কিছুই শূন্য নয়।
এই মহাবিশ্ব নৃত্যরত তরঙ্গ পূর্ণ।
আমি তুমি
নদী পাহাড় সাগর
সবাই নৃত্যরত তরঙ্গ।
এই মুহূর্তেই কিছু তরঙ্গকণা
আমার থেকে
তোমার দিকে ধেয়ে গেলো।
কি বার্তা নিয়ে গেলো তারা ?
আমি হলাম তুমি
তুমি হলে আমি।
অথচ কাগজের পাতা জুড়ে
হিংসা দাঙ্গা রক্তপাত।
চারিদিকে
কাঁটা তারের দেওয়াল
বিভেদ বিভাজন বিদ্বেষ
বোমা বিস্ফোরণ বারুদ।
দুর্বলের আহার ছিনিয়ে নেয় যারা
মত ধর্মের বিভেদ গড়ে
অন্য এক বুকের রক্ত মাখে যারা
তারা জানে না-
সে কে?
কোথা থেকে উৎস তার?
কোথায় বিলীন তার?
সবাই তো সেই
একই নৃত্যরত তরঙ্গ।
অন্যকে হত্যা কি নিজেকে হত্যা নয়?
(আজকের বিজ্ঞান প্রমাণ করেছে
এই মহাবিশ্বের যা কিছু
তা সবই
vibrating string বা নৃত্যরত তরঙ্গ দিয়ে তৈরী
আর সেই তরঙ্গকণা
অবিরাম স্থান বদল করে নানা কিছুর জন্ম দিচ্ছে।
আমরা সবাই vibrating string.)
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem