অমল বৈদেহী ও গোধূলিবেলার প্রেম (Amal) Poem by Arun Maji

অমল বৈদেহী ও গোধূলিবেলার প্রেম (Amal)

Rating: 5.0

তুমি চাইলে আলো
তো যাত্রা করেছি আমি সূর্যের পথে।
তুমি চাইলে স্বপ্ন
তো আশ্রয় নিয়েছি আমি নিশুতি রাতের বুকে।
তো তুমি চাইলে নিশ্চিন্ত আশ্রয়
বুক চিরে ধরেছি আমি তোমার সম্মুখে।
তবুও তুমি আমার নও।

তুমি এতো কাছে
তবু তুমি অনেক অনেক দূরে।
আমার নগ্ন বুকে শুয়ে
কার স্বপ্ন দেখো হে বৈদেহী?
অনন্ত বিত্তশালী কোন রাজপুত্তুর
হীরকখচিত মুকুট নিয়ে
তোমার স্বপ্নের অন্দরে?

ছিঁড়েছি হৃদয়
খুঁড়েছি আগ্নেয় পর্বত
ভেঙে চৌচির করেছি জীবন যৌবন স্বপ্ন
তোমার হাসির তরে।
হাসি আজ কোথায় বৈদেহী?
তোমার রাঙা ঠোঁটের
রঙিন হাসি আজ কোথায়?

প্রেমের খেলাঘরে
কতদিন আর পুতুল সেজে থাকা?
কতদিন বেনারসী শাড়ি বরমুকুট পরে
ছাদনাতলায়
মিথ্যে মন্ত্র পড়া?

ওহে গোধূলি বেলার সূর্য বৈদেহী
কেন এসেছিলাম কাছে?
বেসেছিলাম ভালো?
দেখেছিলাম স্বপ্ন
নদী তীরে জ্যোৎস্না সঙ্গে করে?

কেন?
কাছে এসেছি কি
আড়ালে আড়ালে
একে অন্যের থেকে হারিয়ে যাবো বলে?


© অরুণ মাজী

অমল বৈদেহী ও গোধূলিবেলার প্রেম (Amal)
Wednesday, July 3, 2019
Topic(s) of this poem: love,separation
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success