এতো কষ্ট দাও
এতো পুড়িয়ে মারো আমায়
তবুও......
আগুন বুকে মৃত্যু আমার
আগুন ভালোবাসি।
চিতা। তুমি এক জ্বলন্ত চিতা।
আর আমি?
মরণপ্রিয় এক পতঙ্গ।
অবধারিত মৃত্যু জেনেও
তোমারই বুকে ঝাঁপাতে চাই।
যেন স্বেচ্ছায় স্ব আনন্দে মরতে চাই আমি।
অথচ মরতে আমি চাই না।
আমি বাঁচতে চাই।
তোমাকে বুকে করে বাঁচতে চাই।
তোমার বৈতরিনী নদীতে আমি
ডুব সাঁতার প্রজাপতি সাঁতার দিতে চাই।
তোমার উপত্যকায় হামাগুড়ি দিয়ে গড়াগড়ি খেতে চাই।
তোমার আকাশচুম্বী পর্বত শিখায় চড়ে
তোমার গোপন ঝর্ণায় ঝাঁপ দিতে চাই।
তোমার মধুভান্ডে ঠোঁট রেখে
নিষ্ঠুর জীবনকে আমি আমৃত্যু ভেংচি কাটতে চাই।
বাঁচবো বলেই, তোমাকে ভুলতে চাই আমি।-
চাই। ভীষণই চাই। কিন্তু পারি না।
একশোবার ভুললে
হাজারবার স্বপ্নে এসো তুমি।
এক যোজন দূরে ঠেললে
সহস্র যোজন কাছে এসো তুমি।
স্বপ্নের মধ্যে স্বপ্ন হয়ে মিশে আছো তুমি।
হৃদয়ের মধ্যে স্পন্দন হয়ে গেঁথে আছো তুমি।
প্রাণের সঙ্গে প্রশ্বাস হয়ে ছেয়ে আছো তুমি।
ওহে অনামিকা, ভুলতে চাইলেও
কেন ভুলতে আমি পারি না?
বাঁচতে চাইলেও
কেন বাঁচতে আমি পারি না।
কত? আর কত
মৃত্যু যন্ত্রণা দেবে আমায়?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem