ঈশ্বর বিশ্বাসী অথবা ঈশ্বর বিদ্রোহী? (Essay On God) Poem by Arun Maji

ঈশ্বর বিশ্বাসী অথবা ঈশ্বর বিদ্রোহী? (Essay On God)

Rating: 5.0

কাক যদি ময়ূর হতে চায়, তো কি হবে? সে হয়তো ময়ূর সাজতে পারবে, তবুও কি সে ময়ূর হতে পারবে? পারবে না। কিন্তু চেষ্টা করলে, সেই আগের থেকে অনেক বেশি সুন্দর একটা কাক হতে পারবে।

কোন মানুষই, অন্য আর এক জন মানুষের মতো নয়। অনেক মিল থাকলেও, যমজ ভাইরাও একই রকম হয় না। কেন আমরা ভিন্ন? কেন ঈশ্বর আমাদেরকে ভিন্ন করেছেন? এর উত্তর কি খুব কঠিন?

আকাশের দিকে তাকাও। কি দেখছো? সুন্দর একটা রামধনু! রামধনু সুন্দর কেন? বিভিন্ন রঙ দিয়ে রাঙা বলে। ফুলের বাগানে যখন হরেক রকম ফুল ফুটে, বাগানটা খুব সুন্দর দেখায়। তাই না?

এই সৃষ্টিতে সবাই ভিন্ন তার কারন- ঈশ্বর এই সৃষ্টিকে আরও সুন্দর করতে চেয়েছেন। কয়েক সপ্তাহ আগে, বিশদে ব্যাখ্যা করেছি আমি- কেন মানুষের বেঁচে থাকার মূল "মোটিভেশনাল ফোর্স" হলো- সৌন্দর্য্য! পৃথিবীতে সুন্দর আছে বলেই, আমরা বাঁচতে চাই। পৃথিবীতে সুন্দরের যেদিন পতন হবে, মানুষের সেদিন মৃত্যু হবে। আমাদের মধ্যে এই যে ভিন্নতা- এই ভিন্নতাই সেই সৌন্দর্য্য সৃষ্টি করে। আমরা যদি ভিন্ন না হতাম- তাহলে আমরা (মানুষ জাতি)অনেক আগেই আত্মহত্যা করতাম।

তাই যদি সত্য, তবে নীচের প্রশ্নগুলো নিয়ে একটু ভাবো-
১. মালবিকা অমলকে বলে- "তুমি অমিতাভ বচ্চনের মতো চুলের স্টাইল করতে পারো না? " মালবিকা তা কেন বলে? কেন মালবিকা অমলকে অমলের মতো করে বাঁচতে দিতে চায় না?

২. বটুবাবু তার দশ বছরের ছেলে তপুকে বলছে- "পিকু কি সুন্দর ছবি আঁকতে পারে, তবে তুই কেন পারিস না? " তপু কিন্তু খুব সুন্দর পুতুল গড়তে পারে। তপু কেন তপুর মতো হবে না? কেন তাকেও পিকুর মতো হতে হবে? বটুবাবু ভাবেন- পুতুল গড়াতে কি কোন প্রেস্টিজ আছে? তাই তিনি তার ছেলেকে ছবি আঁকা শেখাতে চান। তপুর যেটা সহজাত ক্ষমতা, তার বিকাশ ঘটাতে বটুবাবু চেষ্টা করবেন না কেন?

৩. কিছু ইসলাম ধর্মী মানুষ সকলকে ইসলাম ধর্মী করতে চায়। কিছু খ্রিস্টান ধর্মী মানুষ সকলকে খ্রিস্টান ধর্মী করতে চায়। কিছু হিন্দু ধর্মী মানুষ সকলকে হিন্দু ধর্মী করতে চায়। কেন? কেন পৃথিবীর সাতশো কোটি মানুষের, সাতশো কোটি রকমের ধর্ম আর বিশ্বাস থাকবে না?

৪. সমাজ বলেছে, বিয়েতে তোমাকে লাল শাড়ি পরে বিয়ে করতে হবে। কেন তুমি সালোয়ার কামিজ বা হাফ প্যান্ট পরে বিয়ে করতে পারবে না? তুমি তা করলে, কেন লোকে তা নিয়ে হাসাহাসি করবে?

৫. চিটাগঙের লোক কলকাতায় এসে যদি চিটাগঙী বাংলা বলে, তাতে কলকাতার লোক হাসবে কেন? বীরভূমের নান্নুরের লোক কলকতায় এসে যদি নান্নুরী বাংলা বলে, তো কলকাতার লোক হাসবে কেন? কেন পৃথিবীর সকলকেই, কলকাতার মতো করে বাংলা বলতে হবে?

এইরকম হাজার হাজার প্রশ্ন আছে, যা করলে- মানুষ হিসেবে আমরা সকলেই লজ্জা পাবো। কেবল ভিন্নতার জন্য- আমরা অন্যকে উপহাস করি, বিদ্রূপ করি, দল থেকে তাড়িয়ে দিই, এমনকি খুন পর্যন্ত করি। কেউ নাস্তিক বলে, আমরা তাকে খুন করে দিলাম! কেউ আমার রাজনৈতিক দলের লোক নয় বলে, তার স্ত্রী পুত্র পরিবার সহ- তাকে আমরা আগুনে জ্বালিয়ে দিলাম। এসব তাহলে ঘটে কেন? ঈশ্বর নিজেই যেখানে সহস্র সহস্র বছর সাধনা করে, এই সৃষ্টির সদস্যদের ভিন্ন করতে চেয়েছেন; সেখানে মানুষ হিসেবে- ঈশ্বরকে আমরা অপমান করছি কেন? ঈশ্বরের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করছি কেন?

কি মূর্খ, অজ্ঞ, হীন আর নৃশংস আমরা! তাই না?

© অরুণ মাজী
Painting: Michael Stroj

ঈশ্বর বিশ্বাসী অথবা ঈশ্বর বিদ্রোহী? (Essay On God)
Wednesday, December 13, 2017
Topic(s) of this poem: god,love,war
COMMENTS OF THE POEM
Bubai 14 December 2017

sotti dada daun likhe6o

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success