পরিশ্রম করলে, টগর গাছকে সুন্দর এক পুষ্পশোভিত টগর গাছ বানানো যায়। কিন্তু টগর গাছকে কি কখনো গোলাপ গাছ বানানো যায়?
আমি কেবল আমিই। অধ্যাবসায় আর পরিশ্রম করলে, আমি "আমার শ্রেষ্ঠতম সংস্করণ" হতে পারি। কিন্তু আমি কি তুমি হতে পারবো? আমি কি আইনস্টাইন হতে পারবো? নাহঃ কখনো পারবো না।
এ পৃথিবীতে আমি এসেছি, আমার নিজের শ্রেষ্ঠতম সংস্করণ হতে। আমি তাহলে অমিতাভ বচ্চনকে অনুকরণ করে অমিতাভ বচ্চন হতে যাবো কেন? আমার উচিৎ তাই- আগে নিজেকে জানা। আমি কে? আমি কি ভালোবাসি? আমার মধ্যে কোন সুগন্ধ লুকিয়ে আছে? আমার মধ্যে সাত রঙের কোন রঙ লুকিয়ে আছে? আমার মধ্যে যে রঙ লুকিয়ে আছে, আমি কেবল সেই রঙকে মেলে ধরতে পারি। টগর যেমন গোলাপ হতে পারে না, অরুণ মাজী তেমনি অমিতাভ বচ্চন হতে পারে না। অরুণ মাজী কিন্তু নিশ্চিৎভাবে "সুন্দর এক অরুণ মাজী" হতে পারে।
জীবনে পরমায়ুর ঘন্টা ঢং ঢং করে বেজে চলেছে। ছুটির শেষ ঘন্টা কখন যে বাজবে, তা কেউ জানে না। তাই সময় খুব মূল্যবান। অল্প আয়ুর জীবনে, আমি যদি অমিতাভ বচ্চন হওয়ার ব্যর্থ চেষ্টা করি, তাহলে জীবনে আমি সুখী হবো কি? কখনো না। যা কখনো ঘটে না, তাকে আমি ঘটাবো কি করে? পাথরে মাথা কুড়লে নদী বইবে কি?
এ পৃথিবীতে সকলে সমান বুদ্ধি আর প্রতিভা নিয়ে জন্মেছে। তোমার মধ্যে আনারসের গুণ, আর তুমি হতে চাইছো বাতাবি লেবু। তুমি তাতে সফল হবে কি? সফল যেহেতু হতে পারছো না, তাই তুমি নিজেকে বুদ্ধি আর প্রতিভাহীন ভাবছো। কিন্তু তুমি সত্যিই কি বুদ্ধি আর প্রতিভাহীন? নাহঃ মোটেই না। তুমি পৃথিবীর অন্য সাতশো কোটি মানুষের মতো সমান বুদ্ধি আর প্রতিভাযুক্ত। তোমাকে কেবল জানতে হবে, যে তোমার মধ্যে আনারসের গুণ। তাই কিভাবে আনারসের সুন্দর এক সংস্করণ হওয়া যায়, তার জন্য তোমাকে ভাবতে হবে। পরিশ্রম করতে হবে।
আগে, নিজেকে জানো হে ভাই; আগে নিজেকে জানো?
© অরুণ মাজী
Painting: Andrew Atroshenko
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem