অমল মালবিকা ও নির্জন দুপুর (Malobika) Poem by Arun Maji

অমল মালবিকা ও নির্জন দুপুর (Malobika)

হুট্ করে জানালা খুললো কে?
নৈঃশব্দের বুক ভেদ করে
সংযমভেদী হাসি ভেসে এলো কার?
এতো পড়িমরি করে
জানালার প্রান্তে
কেন ছুটে গেলাম আমি?

কেন?
বলো, কেন?
এমন করে তো
যাওয়ার কথা নয় আমার!

বলি, যাবোই বা কেন?
কার কথা ভেবে যাবো?
কার? কে আছে আমার?
তোমার কথা?

তোমার কথা কেন?
কবেই তো চলে গেছো তুমি!
যাও নি?

এ ঘর
এক বুক অন্ধকারে নিমজ্জিত করে
তুমি যাও নি?

নির্জন দুপুর
সদ্য সঙ্গহারা পরিত্যক্ত রাস্তা
খাঁ খাঁ বুক।
কে?
কে তুমি দাঁড়িয়ে ওখানে?

একি! এ তো
মালবিকার মতো হাসি!
সেই চোখ
সেই ঠোঁট
সেই ভুবনমোহিনী হাসি!

ঢং ঢং ঢং
কটা বাজলো যৌবনের ঘড়িতে?
একি! বারোটা?
এখুনি?

ভেসে গেলো গাড়োয়াল
ভেসে গেলো বাড়ি
ভেসে গেলো মানুষ!
ধুস, কেন যে সেদিন
আমি ওখানে ছিলাম না!

ভেসে যেতে যেতে
এই ক খানি কথা
লিখতে বড় ইচ্ছা আমার!
© অরুণ মাজী

অমল মালবিকা ও নির্জন দুপুর (Malobika)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success