বুকে জ্বলছে সিগারেটের ধোঁয়া
অথচ স্বপ্নে হাসছে
রমণী ঠোঁটের গোধূলি বর্ণ হাসি।
দেখো তো মৃত্যু পাঁজি খুলে
প্রেমের আয়ুর
আর কটা বসন্ত বাকি?
কে? কে ওখানে?
অবেলায় চাঁপার গন্ধ কেন?
এখন তো চাঁপার সময় নয়!
কিছু মনে করো না মৃত্যু।
এ নারীটি পৃথিবীর অন্য নারীর মতো
ভদ্র সভ্য মার্জিত নয়।
ওর মুখ দেখতে চাই না;
অথচ নির্লজ্জ্যের মতো
হেসে হেসে ছায়া হয়ে আসে।
দুঃখের আঙিনায়
হৈচৈ নাগরদোলা জিলিপি
আর খাস্তা কচুরির ম ম সুগন্ধ।
অথচ হৃদয়ের দালানে
অনাহার অবসাদ
আর জীবন ব্যাপী ঘুটঘুটে অমাবস্যা।
দেখো তো ভাগ্য নাড়ি টিপে
শ্মশান যাত্রা করতে
আর কত বাকি তোমার?
কিছু মনে করো না ভাগ্য-
আজন্ম
পঙ্গু হয়ে শুয়ে আছো তুমি;
তো আত্মহত্যা করতে
দোষ কি তোমার?
কে? কে ওখানে?
নিদ্রাকাতর রাতের ঘুম ভাঙিয়ে
নিষ্ঠুর সুন্দর ছন্দে
নুপূর পায়ে নাচে কে?
স্মৃতির ভাঁজে উবু হয়ে বসে
পাহাড় বুকের এক অর্দ্ধনগ্ন নারী।
অথচ বুকের মধ্যে জেগে-
খসে পড়া তারা, বিনিদ্র মৃত্যু,
আর পুড়ে যাওয়া স্বপ্নের আধপোড়া গন্ধ।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem