আজ একটু গোলাপের গল্প বলো (Malobika) Poem by Arun Maji

আজ একটু গোলাপের গল্প বলো (Malobika)

Rating: 5.0

একটু সুখের গল্প বলো হে সময়
একটু সুখের গল্প বলো।
কাঁহাতক আর দুঃখের উনুনে
যন্ত্রণার চড়ুইভাতি করবো?

তুমি বরং চূর্ণী নদীর গল্প বলো।
অদূরে গোধূলির আভা
পদতলে চূর্ণীর স্নেহস্পর্শ
আর বুকের উপর ঠেস দিয়ে থাকা
যে প্রস্ফুটিত গোলাপ-
ঠোঁটে আমার
নরম একটা চুমু দিয়ে বলেছিলো-
"আমি তো তোমারই অমল
আমি তো তোমার"
সেই গোলাপের কথা বলো।

সেই গোলাপ আজ কোথায় সময়
সেই গোলাপ আজ কোথায়?
আজ কার বুকের সুগন্ধ সে?
কোন নৃশংস পুরুষ
আজ তৃপ্তি আঁকে তার বুকে?

আজ
তুমি একটু গোলাপের গল্প বলো হে সময়
আজ একটু গোলাপের গল্প বলো।
তার মায়াবী চোখ, টোল ফেলা গালের খিলখিল হাসি
আধো আধো ঠোঁটে অমল ডাক
কালো চুলে চাঁপার সুগন্ধ
তুমি সেই গোলাপের গল্প বলো।

জানো?
অনেক ইচ্ছে করে তাকে একটু দেখতে।
অনেক। অনেক ইচ্ছে করে।
ছুঁতে না দিলেও
তাকে দূর থেকে একটু দেখতে ইচ্ছে করে।
দেখতে না দিলেও
অন্তত দূর থেকে
তার কণ্ঠের খিলখিল একটু হাসি
শুনতে ইচ্ছে করে।

কখনো কি
তাকে দেখতে পাবো হে সময়
কখনো কি দেখতে পাবো?

© অরুণ মাজী

আজ একটু গোলাপের গল্প বলো (Malobika)
Sunday, January 20, 2019
Topic(s) of this poem: love,pain
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success