সর্ষের তেলে মাছ ভাজলাম
অথচ তাতে
মালবিকার চুলের গন্ধ।
দেখো পৃথিবী দেখো
তোমাদের মালবিকা
সুষ্ঠু ভাবে একমুঠো ভাত পর্যন্ত খেতে দেয় না।
বলি, ও মালবিকার ঠাম্মা
চোখে কি তোমার ন্যাফা পড়েছে?
দেখছো না
তোমার গুণধর নাতিনী
কি অবস্থা করেছে আমার?
বলি, কত কষ্ট দেবে হে মালবিকা
আর কত কষ্ট দেবে?
কতদিন আর
ভাতের সাথে তোমার চুলের গন্ধ খাবো?
তোমার জবা রাঙা ঠোঁট কি
কেবল স্বপ্নেই দেখবো?
আলতো একটু কামড় দেওয়ার সৌভাগ্য
তা কি কখনো হবে না?
কেন? বলি, কেন?
সামান্য স্কুল মাস্টার বলে
আমি কি ফ্যালনা নাকি?
আমার কি রোমশ বুক নেই?
না বাহুতে পেশী নেই?
আমি কি পারি না
দিনের বেলা তোমাকে
সকলের সামনে উঠিয়ে আনতে?
পারি। আলবৎ পারি। হাজারবার পারি।
লক্ষ বার পারি।
নগেন মাস্টারের টোলে
তিনবার ফেল করে পাশ করা ছাত্র আমি।
আমি পারবো না?
কিন্তু তুমি তা চাও না।
কেন? বলি, কেন?
ওহে নারী
কতদিন আর আঁচল উড়িয়ে
স্বপ্নময় বুকে
আমার মৃত্যু আঁকবে?
একদিনও কি ঝাঁপিয়ে পড়তে দেবে না?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem